প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভিড়তে ব্যর্থ হয়ে তীব্র স্রোতের কারণে ভেসে যায় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। উদ্ধারকারী জাহাজের সহায়তায় পরে দুপুরে ফেরিটি উদ্ধার করা হয়।
ফেরিটি মেরামতের উদ্দেশ্যে পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। নদী পার হওয়ার সময় ফেরিটি তীব্র স্রোতের কবলে পড়ে এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এক পর্যায়ে ফেরিটি স্রোতের টানে ভাটির দিকে চলে যেতে থাকে এবং দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা হয়। পরে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করে। দুপুর ২টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ফেরিটি মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক এবং তিনটি প্রাইভেটকার ছিল। উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, তীব্র স্রোতের কারণে মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটে।
ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা জানান, ফেরিটি স্রোতের টানে ঘাটে ভিড়তে ব্যর্থ হয়ে ভাটির দিকে চলে যেতে থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফেরিটি নোঙর করা হলে এবং উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন