প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিজ উদ্যোগে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক হেলাল উদ্দিন ভূঁইয়াকে উপজেলা মৎস্য কার্যালয় সংবর্ধনা দিয়েছে।
রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে হেলাল উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
হেলাল উদ্দিন নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারওগাঁও গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক হলেও দীর্ঘদিন ধরে নিজের উদ্যোগে দেশীয় মাছ রক্ষায় কাজ করে আসছেন তিনি। বাজারে ডিমওয়ালা মা মাছ ও ছোট পোনা বিক্রি হতে দেখলে নিজের সামর্থ্য অনুযায়ী সেগুলো কিনে নদী, খাল-বিল ও মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।
পাশাপাশি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি জাল’ দেখতে পেলেই তা উদ্ধার করে ধ্বংস করেন।
এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হেলাল উদ্দিনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁর এমন উদ্যোগে প্রশংসা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনাজ নাজনীন বলেন, ‘কৃষক হেলাল উদ্দিন দেশীয় মাছ রক্ষায় সম্পূর্ণ নিজস্ব তাগিদে যেভাবে মাঠে নেমেছেন, তা বর্তমান সময়ে আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
বিশেষ করে মা মাছ ও পোনা মাছ নিধন রোধে তিনি যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।’
তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দেখামাত্রই হেলাল উদ্দিন যেভাবে একাই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছেন, তা অত্যন্ত সাহসী পদক্ষেপ। দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে তাঁর এই কর্মতৎপরতায় এখন থেকে নান্দাইল উপজেলা মৎস্য অফিসও সার্বিক সহযোগিতা করবে।’
হেলাল উদ্দিন বলেছেন, নিজের সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই তিনি দেশীয় মাছ রক্ষায় কাজ করে যাচ্ছেন। ডিমওয়ালা মা মাছ ও ছোট পোনা মাছ বাজারে বিক্রি হতে দেখলে তা কিনে জলাশয়ে অবমুক্ত করেন।
একই সঙ্গে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র ধ্বংসকারী নিষিদ্ধ জালের বিরুদ্ধেও তাঁর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা মনে করছেন, হেলাল উদ্দিনের মতো মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশীয় মাছ রক্ষায় সচেতন ও সোচ্চার হলে হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন