প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নানাশ্বশুরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নাতিজামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাতিজামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জমা দেন।
অভিযুক্ত মো. রব্বানী গাজী বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতিজামাই। অভিযোগকারী সোহরাব হোসেন মৃত ময়জউদ্দিন মুসুল্লীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেনের বাড়ির পাশেই বসবাস করেন অভিযুক্ত রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ হিসেবে তিনি রব্বানী গাজীকে নামাজ আদায়ের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বৃদ্ধ সোহরাব হোসেনের চলাফেরার অবলম্বন হিসেবে ব্যবহৃত হাতের লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে চুরমার করে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও উল্লেখ করেন, বার্ধক্যের কারণে তার স্বাভাবিক চলাফেরা করতে কষ্ট হয়। এ অবস্থায় চলাফেরার জন্য ব্যবহৃত লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। ঘটনার পর থেকে শারীরিক অসুবিধার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় পথে-ঘাটে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক আচরণ করেন বলে দাবি করেছেন সোহরাব হোসেন। ভবিষ্যতে তার ওপর আরও বড় ধরনের হামলা কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে পুলিশের কাছে আইনগত সহায়তা চেয়েছেন ওই বৃদ্ধ।
এদিকে, একজন বয়স্ক মানুষের চলাফেরার অবলম্বন লাঠি ভেঙে ফেলার অভিযোগটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বিএইচএস নিউজকে বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর বিষয়ে অভিযুক্ত মো. রব্বানী গাজীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন