প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের বিজ্ঞানীরা প্রায় ২৪ কোটি ৫০ লাখ বছর আগের একটি সামুদ্রিক সরীসৃপের জীবাশ্ম আবিষ্কার করেছেন।
এই জীবাশ্মের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এতে শুধু হাড়ই নয়, প্রাণীটির পাকস্থলী, যকৃত ও অন্ত্রের গঠনও সংরক্ষিত রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এত পুরোনো কোনো সরীসৃপের জীবাশ্মে এভাবে শরীরের ভেতরের অঙ্গের চিহ্ন পাওয়া খুবই বিরল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, অস্ট্রোনাগা মিনুটা নামে এই প্রাণীটি ট্রায়াসিক যুগে বাস করত। তখনো পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটেনি।
জীবাশ্মটি দক্ষিণ চীনের ইউনান প্রদেশে পাওয়া গেছে। প্রাণীটির দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ সেন্টিমিটার। এর ছিল লম্বা গলা, লম্বা লেজ এবং সূচালো দাঁত। এসব বৈশিষ্ট্যের কারণে এটি সহজেই মাছ শিকার করতে পারত।
জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, প্রাণীটির পাকস্থলী ছিল একটি থলির মতো। এর পেছনে ছিল যকৃত এবং আরও পেছনে ছিল অন্ত্র। অন্ত্রের ভেতরে মাছের আঁশও পাওয়া গেছে। এতে নিশ্চিত হওয়া গেছে, প্রাণীটি মাছ খেয়েই বেঁচে থাকত এবং মৃত্যুর আগে শেষ খাবারও ছিল মাছ।
গবেষকদের মতে, এই জীবাশ্ম শুধু প্রাণীটির খাদ্যাভ্যাসই নয়, সেই সময়ের সরীসৃপের শরীরের ভেতরের অঙ্গ কীভাবে গঠিত ছিল, সেটিও জানতে সাহায্য করবে।
বিশেষ করে, ডাইনোসরের পূর্বপুরুষদের পরিপাকতন্ত্র কীভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, সে বিষয়ে নতুন ধারণা পাওয়া যাবে।
আরও একটি চমকপ্রদ তথ্য হলো, যকৃতের অংশে এখনো লাল রঙের চিহ্ন পাওয়া গেছে। গবেষকদের ধারণা, এটি রক্তের হিমোগ্লোবিনে থাকা লোহার উপাদানের অবশিষ্টাংশ হতে পারে। প্রায় সাড়ে ২৪ কোটি বছর পরও এমন চিহ্ন টিকে থাকা অত্যন্ত বিরল ঘটনা।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণবিলুপ্তির পর প্রাণিজগত কীভাবে আবার বিকশিত হয়েছিল, এই জীবাশ্ম সেই সময়ের জীবজগত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন