প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ইউনাইটেড পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার শেরুল বাগ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী ও তাঁর স্ত্রী মারজানা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সিলেট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের মাঝের সিটে বসে থাকা সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯২৫ পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন