প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুটি গোল হজম করার পর ২-২ গোলের ড্র করেছে ইরান। কিন্তু মাঠের লড়াই শেষ হয়ে যাওয়ার পর তারা নতুন এক বিড়ম্বনায় পড়েছে। ম্যাচ শেষ হওয়ার অল্প পরেই তাদেরকে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে। এই বিষয়ে ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই জানান।
আজ ভোরে বাংলাদেশ সময় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ড্র হয় ইরানের। ম্যাচের পর তারা ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে বিশ্রাম এবং পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে খেলোয়াড়দেরকে দ্রুত বিমানবন্দরে যেতে বলা হয়েছে এবং মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। ম্যাচের পর এমন ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের কোচ গালেনোয়েই।
দোভাষীর মাধ্যমে তিনি বলেন, "তারা আমাদের বিশ্রামের সময়টুকুও দিল না। ম্যাচ শেষে বলা হয়েছে, এখনই চলে যেতে হবে। খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিমানে উঠে টিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে। বিষয়টি আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে।"
তবে গালেনোয়েই এই সিদ্ধান্তের পেছনে কারা রয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তিনি আরও যোগ করেন, "আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে, আমাদের পরিকল্পনা অন্যরা করছে এবং আমাদের বিষয়ে সিদ্ধান্তও অন্য কোথাও নেওয়া হচ্ছে।"
তিনি বলেন, "দলের পরিকল্পনা ছিল ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে এসে অবস্থান করা এবং ম্যাচের পরের দিন দুপুরে টিহুয়ানায় ফেরা। কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন হওয়ায় দলের প্রস্তুতিতে প্রভাব পড়ছে।"
অবশেষে ক্ষোভ প্রকাশ করে গালেনোয়েই বলেন, "আমার মনে হয়, এই বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে।"
বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানা জটিলতার সম্মুখীন হয়েছে ইরান। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর তারা তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদন সফল হয়নি।
দলের অধিনায়ক মেহদি তারেমিও পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তিনি বলেন, "এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে, এটা আমাদের জন্য ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। আমাদের জন্য সবকিছুই যেন বিপর্যয়ের মতো।"
তিনি জানান, দলের প্রস্তুতির সময়ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মকর্তাসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রয়োজনে দুবার পিছিয়ে পড়েও ইরান লড়াই চালিয়ে যায়। ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই তারা বিশ্বকাপ অভিযান শুরু করেছে।
মাঠে ইরানের সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে গ্যালারিতে দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেক ইরানি-আমেরিকান সমর্থকও চোখে পড়ে।
ইরানের পরবর্তী ম্যাচটি সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে গালেনয়েইয়ের দল। তার আগে তারা মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি চালিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন