প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তিন যুবককে আটক করে তওবা পড়ানোর পরে স্থানীয়রা তাদের ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, শারীরিক নির্যাতনের পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে, উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায়। আটক তিন যুবকের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বারইয়ারহাট পৌরসভা এলাকার বেলাল হোসেন এবং মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপরজনের পরিচয় তখনই জানা যায়নি।
স্থানীয় সূত্র জানাচ্ছে, তিন দিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করে।
পরে বুধবার রাতে মিঠাছড়া বাজারের গাঙচিল ফিলিং স্টেশন এলাকায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেন স্থানীয়রা। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়ে সত্যতা যাচাই করা হয়। এক পর্যায়ে ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার তাকে জানিয়ে তাদের তওবা পড়ানো হয়। পরে জনসম্মুখে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়া এবং কোনো ধরনের শারীরিক নির্যাতন না করার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। তারা ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন।’
স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেছেন, ‘চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের কোনো আঘাত না করে তওবা পড়ানো হয় এবং নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
তবে এ ঘটনার পর স্থানীয়ভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন