প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যা ড্রোন অথবা টর্পেডো সদৃশ মনে হচ্ছে। বর্তমানে এই ডিভাইসটি পাথরঘাটা থানার পুলিশের হেফাজতে রয়েছে।
এই ঘটনার কারণে স্থানীয় জেলে ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক এবং কৌতূহল বেড়ে গেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, রোববার (৩১ মে) বিকেলে পাথরঘাটার বাসিন্দা মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। ওই সময় ট্রলারে উপস্থিত ৬ জন জেলে হঠাৎ জালে ভারী কিছু অনুভব করেন। জাল তুলে দেখেন একটি অদ্ভুত ইলেকট্রনিক ডিভাইস, যা ড্রোন বা টর্পেডোর মতো দেখতে। নদীর মধ্যে এমন অচেনা ও রহস্যময় ডিভাইস দেখে জেলেরা আতঙ্কিত হয়ে যান। ফলে তারা তৎক্ষণাত মাছ শিকার বন্ধ করে দ্রুত পাথরঘাটার ঘাটে ফিরে আসেন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানিয়ে দেন। খবর পেয়ে পাথরঘাটা থানার একটি পুলিশ দল এসে ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ডিভাইসটি দেখতে সাধারণ কোনো বস্তুর মতো কিছু নয়। এটি অনেকটাই ড্রোন বা সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর ন্যায়। তারা বলেন, "নদীতে এরকম জিনিস আমরা আগে কখনও দেখিনি। তাই ভয় পেয়ে দ্রুত তীরে চলে আসি।"
এদিকে, পাথরঘাটা থানার পুলিশ জানিয়েছে যে, জেলেদের কাছ থেকে খবর পেয়ে ডিভাইসটি উদ্ধার করা হয়েছে এবং এটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এটি আসলে কোনো ড্রোন না কি সামুদ্রিক গবেষণার কোন যন্ত্র এবং এটি কোন দেশের তৈরি কিংবা কিভাবে ভেসে এসেছে, সেটি পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।
এছাড়া, ডিভাইসটি উদ্ধারের পর সেটি দেখতে স্থানীয় উৎসুক জনতা থানার চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন