প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর আইনজীবী সমিতিতে তথাকথিত অ্যাসোসিয়েট সদস্যদের ভোটাধিকার হরণ ও বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পরিচালনা করেছেন নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা। বুধবার দুপুরে রংপুর আইনজীবী ভবনের সামনে ‘ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী’ ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-১-এর পিপি অ্যাডভোকেট শফি কামাল, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম, নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু, সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা।
অবস্থান কর্মসূচিতে নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল মন্তব্য করেন, ২৪ বছর ধরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগে ব্যর্থতা একটি বড় বৈষম্যের উদাহরণ। তিনি উল্লেখ করেন, যে বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন হয়েছে, তার ফলাফল আইনজীবীদের ক্ষেত্রে কার্যকর হয়নি। তাই তিনি সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
তিনি আরও বলেন, "হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা বা কোনো কাজ আদায় করা সম্ভব নয়।" এই কারণে রংপুর আইনজীবী সমিতিতে সুষ্ঠু সমাধান এবং নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করেন তিনি।
রংপুর আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া জানান, সমস্যার সুষ্ঠু সমাধান না হলে তাঁরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তিনি বলেন, "দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন।" তিনি প্রশ্ন করেন, "আর কত দিন এই বৈষম্য সহ্য করতে হবে?" তাই দ্রুত ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, রংপুর আইনজীবী সমিতি সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য নামে বিভক্ত করে আইনজীবীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তাঁরা দাবি করেন, সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে বক্তারা সতর্ক করে বলেন, আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আগামীতে বার কাউন্সিলের নির্বাচন বয়কট করা হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার। কিন্তু ফ্যাসিবাদী আমলে তৈরি একটি আইনের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমাধান জানাতে হবে বলে দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন