ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিজিটাল সার্ভে বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমবে: ভূমি প্রতিমন্ত্রী


ডিজিটাল সার্ভে বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমবে: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ভূমি ব্যবস্থায় ডিজিটাল সার্ভে বাস্তবায়নের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এ বিষয়ে কার্যক্রম চলছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ডিজিটাল সার্ভে সফলভাবে বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থায় সকল ধরনের দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরের পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

এই তিন দিনব্যাপী আয়োজনে স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ, সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ২০ আগস্ট শুরু হওয়া এ এক্সপোতে ঢাকা এবং চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া, অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬-এর উপদেষ্টা স্থপতি মাহাদি ইফতেখার, আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম মঞ্জুরুল হকসহ আয়োজক কমিটির সদস্যগণ, স্থপতি এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, দ্রুত সম্প্রসারিত শহর চট্টগ্রামের টেকসই ও পরিকল্পিত উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার বিকল্প নেই। এতে করে নীতিনির্ধারক, স্থপতি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

এছাড়া, এ ধরনের আয়োজন নতুন প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি এবং উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার চট্টগ্রামের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


রোববার চট্টগ্রামের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের বেশকিছু এলাকায়। জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের কিছু এলাকায় রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত - নগরীর বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও এর আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।

তবে উল্লেখিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া চট্টগ্রামের বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। এ সময় বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই অসুবিধার জন্য বিপিডিবি, চট্টগ্রাম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশের চলচ্চিত্রের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।

‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসব উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলোকে ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মধুমিতা হলে দর্শকদের জন্য বিনামূল্যে বাংলাদেশের বিভিন্ন সময়ের ১৪টি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের প্রভাব সুদূরপ্রসারী। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে চলচ্চিত্রের যে নিবিড় সম্পর্ক রয়েছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব।

দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একসময় সারা দেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের রুচি ও চলচ্চিত্র দেখার ধরনেও বড় পরিবর্তন এসেছে। তাই দর্শকদের রুচি ও চাহিদা বিবেচনায় নিয়ে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করবে।

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন ও প্রেক্ষাগৃহ সংস্কৃতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রেও আবার সুদিন ফিরে আসবে। সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের মতো উদ্যোগ নেওয়ায় তিনি ডিএসসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে চলচ্চিত্রের গভীর সম্পর্ক রয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, আন্দোলন-সংগ্রাম ও মানুষের জীবনযাত্রাকে প্রজন্মের পর প্রজন্ম তুলে ধরা সম্ভব।

তিনি বলেন, চলচ্চিত্র ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নগরী। এ শহরের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে।

ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে আগামী সাত দিন পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে মধুমিতা হলে এসে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ; অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল।

এ ছাড়া গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম ও আবিদা সুলতানা, সংগীত পরিচালক শেখ সাদী খান ও শওকত আলী ইমন, চিত্রগ্রাহক রেজা লতিফ ও শফিকুল ইসলাম স্বপন এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, হাফিজ উদ্দীন, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, সাইদুর রহমান সাঈদ ও আওকাত হোসেন সম্মাননা পেয়েছেন।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন দেশের চলচ্চিত্রের পথিকৃৎ পরিচালক আব্দুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউন রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস ও চাষী নজরুল ইসলামসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

এ ছাড়া অভিনেতা আবদুল মতিন, খলিল উল্লাহ খান, নায়করাজ রাজ্জাক, রোজী আফসারী, খান জয়নুল, প্রবীর মিত্র ও বুলবুল আহমেদ; গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও আলাউদ্দীন আলী; সংগীতশিল্পী আজম খান ও এন্ড্রু কিশোর এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও এম. এ. সামাদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য চিন্ময় মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ঢাকার চলচ্চিত্র সংস্কৃতির ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী :

উৎসবের আওতায় মধুমিতা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সর্বসাধারণের জন্য এসব প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’।

২৩ আগস্ট বিকেল ৩টায় ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।

২৪ আগস্ট বিকেল ৩টায় ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে।

২৬ আগস্ট বিকেল ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’ প্রদর্শিত হবে।

২৭ আগস্ট বিকেল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় ‘দহন’ প্রদর্শিত হবে।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধু বিদায়’ প্রদর্শিত হবে।

ডিএসসিসি জানিয়েছে, ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নগরবাসীর মধ্যে নিজের শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে। একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের যুবক রাজু আহমেদ লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। হতদরিদ্র এই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গেলে তিনি রাজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় বিভিন্ন মাধ্যমে রাজু আহমেদ অসুস্থতার বিষয়টি জানতে পারেন সমাজসেবা কর্মকর্তা। পরিবার সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি জানার পর জামাল হোসেন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

এ সময় তিনি রাজু আহমেদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। জামাল হোসেন জানান, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রাজুর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হচ্ছে।

রাজুর পরিবারের সঙ্গে কথা বলে সমাজসেবা কর্মকর্তা আরও জানতে পারেন, রাজুর বড় ছেলে একজন মেধাবী শিক্ষার্থী। বাবার অসুস্থতার কারণে পরিবারের আর্থিক সংকট তৈরি হওয়ায় তার লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম রয়েছে।

জামাল হোসেন বলেন, অর্থের অভাবে রাজু আহমেদের ছেলের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও তিনি সহযোগিতার চেষ্টা করবেন। একই সঙ্গে রাজুর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সম্ভাব্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

রাজুর পরিবার তাদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে। তাদের আশা, সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে রাজু আহমেদের চিকিৎসা সম্ভব হবে এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, ১২০০ ফুট পাইপ ও ৯ শ্যালো মেশিন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, ১২০০ ফুট পাইপ ও ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৬ : জেলার মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে ১ হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে, একইসঙ্গে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।

আজ শনিবার উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অভিযানে নেতৃত্ব দেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, "অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানে সহযোগিতা করেছেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%