প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আট মাস ধরে অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ ৫ জনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের মধ্যে রয়েছে, ভাড়া না দেয়ার পাশাপাশি অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডও করে থাকেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল। গত বছরের ২৫ জুলাই কোর্সের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে হোটেলের দুটি কক্ষ বুকিং করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ তিনজন। এরপর থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই কক্ষে অবস্থান করেন বিভিন্ন নেতাকর্মীরা।
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ আট মাসে বুকিং ফি ১০ হাজার টাকা ছাড়া আর এক পয়সাও ভাড়া পরিশোধ না করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে এনসিপির লোকজন সটকে পড়েন। তারা তাদের ব্যবহার করা কাপড়-চোপড়ও রেখে যান।
এদিকে, কক্ষে প্রায়ই নারী নিয়ে আসা ও মদ্যপানের অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। হোটেলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে ৭২৪ নম্বর কক্ষে প্রবেশ করেন এক নারী, যিনি এনসিপি নেতা শাহরিয়ার ও সাখাওয়াতসহ কয়েকজনের সঙ্গে ছিলেন। বিকেল ৪টার দিকে ওই নারী কক্ষ ত্যাগ করেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ওই কক্ষে এমন কিছু ঘটেছিল, যার খোঁজ নিতে পরে পুলিশও এসেছিল।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, ‘অফিসের লোকজন বার বার টাকা পরিশোধের জন্য অনুরোধ জানায়। প্রথমে তারা চেষ্টা করেছিলেন টাকা পরিশোধের। পরে সময় দিতে দিতে আট মাস কেটে যায়। এরপর ১২ ফেব্রুয়ারি রাত থেকে নেতাকর্মীরা উধাও হয়ে যান।’
তিনি আরও বলেন, ‘এরা তো সবাই আমার ছেলের বয়সী, তাদের জন্য খারাপ লাগছে। প্রথমে ভাবছিলাম, হয়তো মেয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। কিন্তু এমন অনৈতিক কর্মকাণ্ড মেনে নেয়া সম্ভব নয়।’
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়ার জন্য যোগাযোগ করা হলে অভিযুক্তরা দলীয় পরিচয়ে হুমকি দেন। পরে এ বিষয়ে পাঁচজনের বিরুদ্ধে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল।
ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ছাড়া অভিযুক্ত পাঁচজন হলেন সাদেক মির্জা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ), মিরাসাত হোসেন হিমেল (যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী), শাখাওয়াত হোসেন এবং তাওসীপ।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানিয়েছেন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তদন্তে অপরাধের প্রমাণ মেলে, তবে এস এম শাহরিয়ারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এই মন্তব্যও করেছেন যে দলের মধ্যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন