প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের জন্য প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) জানিয়েছেন, খুব শীঘ্রই বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। তিনি উল্লেখ করেছেন, মন্ত্রিসভা অনুমোদন দিলে এই সরকারের মেয়াদেই সচিবালয় স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তরের জন্য অতীতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছিল, যার ভিত্তিতে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। এখন বিষয়টি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে এবং অনুমোদন সাপেক্ষে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বর্তমান সচিবালয়ের স্থানসংকট ও অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, গাড়ি পার্কিং এবং স্থানসংকটের কারণে প্রায়ই জটিলতা সৃষ্টি হচ্ছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাছাড়া, ১৯৬০-এর দশকে নির্মিত বর্তমান সচিবালয়ের বেশিরভাগ ভবনই বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এসব ভবনের স্থায়ী বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে।
সব দিক বিবেচনা করে বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে জাকারিয়া তাহের বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন