প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজার শহরতলির ইসলামপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি এবং কয়েকটি বাঁশঝাড় বর্তমানে শামুকখোল পাখির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। গ্রামের সকল বয়সের মানুষ শয়ে শয়ে এই পাখির আশ্রয়দাতা হিসেবে তাদের আপন করে আগলে রাখছেন। প্রতিদিন দর্শনার্থীরা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করছেন, যেখানে পাখিরা খাবারের সন্ধানে ঘুরে সন্ধ্যায় দল বেঁধে ঘরে ফিরছে।
সরেজমিনে ইসলামপুর গ্রামে গিয়ে দেখা যায়, দিনের আলো ফুরিয়ে আসার সাথে সাথে আকাশজুড়ে ডানা মেলে উড়ে আসছে শামুকখোল। পূর্ব দিগন্ত থেকে কেউ আসছে, আবার কেউ পশ্চিম আকাশ ছুঁয়ে উড়ে আসছে। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পাশের ইসলামপুর গ্রামের গাছপালা ও বাঁশঝাড় পাখিদের আগমনে মুখর হয়ে উঠছে। পাখিদের ঘরে ফেরার দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারা বাড়ির আশপাশে ভিড় করছেন।
হাওর কাউয়াদিঘির পাড়ঘেঁষা মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামটি গাছপালা ও বাঁশঝাড়ে ঘেরা। এখানে কয়েকটি গাছ এবং একটি পরিত্যক্ত বাড়ি এখন শামুকখোল পাখির নিরাপদ আশ্রয়স্থল। বাড়ির প্রায় প্রতিটি গাছেই পাখিরা বাসা বেঁধেছে। স্থানীয়রা জানান, পাঁচ-ছয় বছর ধরে এখানে শামুকখোলের আবাস গড়ে উঠেছে। আশপাশের গ্রামগুলোতেও পাখিদের বিচরণক্ষেত্র রয়েছে। গ্রামবাসীরা পাখি শিকার করেন না, বরং তাদের মমতায় আগলে রাখেন।
বন বিভাগ জানায়, শামুকখোল একটি বড় আকারের জলচর পাখি। এটি লম্বা ও বিশেষ গড়নের ঠোঁট দিয়ে জলাশয় থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে খায়। এশীয় প্রজাতির এই পাখির গায়ের রং ধূসর-সাদা, ডানা ও লেজ কালো। ভোরের আলো ফুটতেই শামুকখোলের ঘুম ভাঙে। এটি এক গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়ায়, ডানা ঝাপটায় এবং ডাকে। কিছুক্ষণ পর দল বেঁধে উড়ে যায় মাঠ ও হাওরের দিকে। সারাদিন খাবারের সন্ধান শেষে সন্ধ্যায় আবার ফিরে আসে চেনা আশ্রয়ে।
ইসলামপুর গ্রামের বাসিন্দা নিজাম, সমছু এবং মাসুম জানান, শামুকখোল পাখি দীর্ঘদিন ধরে এ গ্রামে আসা-যাওয়া করতে থাকায় তারা গ্রামের প্রতিবেশী হয়ে উঠেছে। যদিও অনেকেই পাখি শিকার করতে চান, তবে গ্রামবাসীদের প্রতিবাদের কারণে কেউ সাহস পায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন