প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দ্বারা দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কয়েকটি বাসেও আগুন লাগানো হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা সংঘটিত হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল নিক্ষেপের সময় চারজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।
রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীর সড়কে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার মধ্যে সিএমএম আদালত এলাকা ও তুরাগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তিতুমীর কলেজের সামনে একজনকে আটক করেন শিক্ষার্থীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা একজনকে হাতেনাতে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এর আগে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাওয়ার সড়কে চেকপোস্টের আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কবির উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিছিলের উদ্দেশ্যে ব্যানারসহ এলাকায় অবস্থান করছেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিথুল হাসান (১৯)।
এদিকে সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানান, আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় গিয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪ নম্বর কক্ষে অবস্থান করায় রক্ষা পান।
তিনি আরও জানান, ঘটনাস্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন