প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সমুদ্র সৈকতে শনিবার (৩১ অক্টোবর) ‘রান ফর পিস’ শীর্ষক সংহতি দৌড় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার উদ্দেশ্য হলো সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়া। এই ৭.৫ কিলোমিটার দীর্ঘ দৌড়ে ৪০০-এর বেশি বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করবেন।
এমবোল্ডেন বাংলাদেশের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত, যেখানে প্রথমবার দৌড়াচ্ছেন এমন ব্যক্তি থেকে শুরু করে অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেবেন।
শনিবার সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হবে। নির্ধারিত রুট অনুযায়ী, দৌড় লাবণী বিচ পয়েন্ট থেকে শুরু হয়ে হলিডে মোড়, গুনগাছতলা ও নতুন ব্রিজ হয়ে আবার লাবণী বিচ পয়েন্টে এসে শেষ হবে।
আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, যুব নেটওয়ার্কের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করবেন। এই ক্রীড়া কার্যক্রমকে সামাজিক বিভেদ ভুলে মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে।
একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির এই প্রসঙ্গে বলেন, "কক্সবাজারের তরুণেরা শান্তি ও সামাজিক সৌহার্দ্য বিনির্মাণে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ‘রান ফর পিস’ তাদের সেই অঙ্গীকারেরই এক বলিষ্ঠ প্রকাশ। তরুণদের এই উদ্যোগের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।"
একশনএইড বাংলাদেশ-এর ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান জানান, "আমরা কক্সবাজারের তরুণ চেইঞ্জমেকারদের পাশে আছি। শান্তি ও সামাজিক সংহতি গড়ে তুলতে সব অংশীজনকে তরুণদের ক্ষমতায়িত করতে হবে। আশা করি, রান ফর পিসের চেতনা সমাজজুড়ে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে।"
দৌড় শেষে সকাল সাড়ে ৭ টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ বিভাগে প্রথম তিনজন বিজয়ীকে যথাক্রমে আর্থিক পুরস্কার ও স্বীকৃতিস সনদ দেয়া হবে এবং উভয় বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকে পুরস্কৃত করা হবে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা।
অতিথিদের মধ্যে অন্যান্যরা হলেন একশনএইড বাংলাদেশ-এর হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম, হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ; ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস বিভাগের লিড মো. নাজমুল আহসান এবং শেডের উপপরিচালক আবদুল মান্নান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন