প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটক ‘দার-এ-নাজাত’-এর জারিয়াব চরিত্রের পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম, পোশাকের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে। তিনি উল্লেখ করেছেন, একজন নারীর নিজের পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা সকল দিক থেকে সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। কিছু নারী খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার অন্যরা শালীন পোশাকে স্বস্তি খুঁজে পান—এ ধরনের সিদ্ধান্তের জন্য কাউকে জনসমক্ষে প্রশ্নের মুখে পড়তে হবে না।
সম্প্রতি ‘দার-এ-নাজাত’-এর একটি পর্ব প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জারিয়াবের পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। ওই পর্বে পারিবারিক অনুষ্ঠানে স্লিভলেস পোশাক পরতে অস্বীকৃতি জানায় জারিয়াব। তার বক্তব্য ছিল, বর্তমানে সে এ ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। চরিত্রটির এমন সিদ্ধান্তে কিছু দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার অনেকে গল্পের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দুরেফিশান সেলিম, যিনি জারিয়াব চরিত্রে অভিনয় করছেন। ইনস্টাগ্রামে নিজের একটি স্লিভলেস পোশাক পরা ছবি প্রকাশের পাশাপাশি কয়েকটি স্লাইডে জারিয়াবের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। অভিনেত্রী স্পষ্ট করেছেন, জারিয়াবের এই সিদ্ধান্ত তার স্বামী আবু বকরের চাপিয়ে দেওয়া নয়। এটি অন্য নারীদের পোশাক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কোনো ঘোষণা নয়, বরং এটি জারিয়াবের ব্যক্তিগত পরিবর্তনের অংশ।
নিজের বিশ্বাস ও ধর্মীয় উপলব্ধি প্রসঙ্গে দুরেফিশান লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করেছি, বিশ্বাসের প্রকৃত রূপ শুরু হয় মানুষের ভেতরের পরিবর্তনের মধ্য দিয়ে। নিজের মধ্যে কী পরিবর্তন আসছে, পৃথিবীকে কীভাবে দেখছি, মানুষের সঙ্গে কেমন আচরণ করছি, কোন মূল্যবোধের কাছে নিজেকে দায়বদ্ধ মনে করছি এবং আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলছি-এসবই এর অংশ।’
অভিনেত্রীর মতে, ধর্মীয় বিশ্বাস কেবল বাহ্যিক অনুশীলনের বিষয় নয়; নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াও এর গুরুত্বপূর্ণ অংশ। কখনো কখনো সেই অভ্যন্তরীণ পরিবর্তন মানুষের বাহ্যিক জীবনযাপন ও পোশাকেও প্রতিফলিত হয়।
নিজের পোশাকের প্রসঙ্গ টেনে দুরেফিশান জানান, তিনি নিজে স্লিভলেস পোশাক পরেন এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ছোট পোশাক কিংবা কিছু নির্দিষ্ট ধরনের পোশাকে তিনি ব্যক্তিগতভাবে স্বস্তি পান না। তাঁর ভাষায়, ‘শালীনতা নিয়ে এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি। অন্য কারও উপলব্ধি এর চেয়ে সম্পূর্ণ আলাদা হতে পারে। কিন্তু সে কারণে তাঁর পছন্দ নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাঁকে বিচার করার অধিকার আমার নেই।’
তিনি আরও বলেন, ‘আমি কী পরি, কোন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা ভবিষ্যতে কী পরিবর্তন আনতে চাই—সবকিছুই আমার নিজস্ব অভ্যন্তরীণ যাত্রা এবং আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের অংশ। এতে অন্য কারও পছন্দ ভুল হয়ে যায় না, আবার আমার পছন্দও সঠিক বলে প্রমাণিত হয় না।’
জারিয়াবের সিদ্ধান্তকে অন্য নারীদের জন্য কোনো আদর্শ বা নির্দেশনা হিসেবে দেখার প্রয়োজন নেই বলে মনে করেন দুরেফিশান। তাঁর মতে, চরিত্রটির বিশ্বাস, অগ্রাধিকার কিংবা ব্যক্তিগত উপলব্ধিতে পরিবর্তন আসতে পারে। সেটি সম্পূর্ণ তার নিজের অনুভবের প্রতিফলন।
নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে সমাজের দ্বৈত অবস্থানের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘আমরা একজন নারীর নিজের মতো পোশাক বেছে নেওয়ার অধিকার নিয়ে অনেক কথা বলি। কিন্তু এই স্বাধীনতা সব দিকেই সমানভাবে প্রযোজ্য হতে হবে। যিনি স্বাধীনভাবে পোশাক পরতে চান, তাঁর যেমন সেই অধিকার রয়েছে, তেমনি যিনি স্লিভলেস পোশাক না পরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরও সেই অধিকার রয়েছে। কোনো নারীকেই অন্য নারীর কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে না।’
দুরেফিশানের মতে, একজন নারী স্বাধীনভাবে পোশাক পরবেন, নাকি শালীন পোশাক বেছে নেবেন—সমস্যা সেখানে নয়। সমস্যা তৈরি হয়, যখন অন্যরা তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, যাচাই-বাছাই করেন কিংবা বিচার করতে বসেন।
দর্শকের নিজস্ব দৃষ্টিভঙ্গির অধিকারও স্বীকার করেছেন অভিনেত্রী। জারিয়াবের সিদ্ধান্ত কারও ভালো না-ও লাগতে পারে, গল্পের এই পরিবর্তনের সময় নিয়েও প্রশ্ন থাকতে পারে। তবে সেই মতামত প্রকাশের সঙ্গে ব্যক্তিগত পছন্দকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এক করে দেখা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি কাল্পনিক চরিত্রের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক কিংবা চূড়ান্ত রায় দেওয়ার প্রবণতা থেকেও বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দুরেফিশানের ভাষায়, ‘জারিয়াবের সঙ্গে আপনার একমত হতে হবে না, তার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মেলাতেও হবে না। তার ব্যক্তিগত যাত্রাকে নিজের করে নেওয়ারও প্রয়োজন নেই। প্রতিটি গল্প থেকে আমাদের জন্য কোনো শিক্ষা খুঁজে বের করতে হবে, এমন নয়। কখনো কখনো সেটি কেবল অন্য কারও গল্প।’
‘দার-এ-নাজাত’ নাটকে জারিয়াব হাবিব চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান সেলিম। তাঁর বিপরীতে আবু বকর চরিত্রে রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার। উমেরা আহমেদের লেখা নাটকটি পরিচালনা করেছেন সাকিব খান। বিশ্বাস, সম্পর্ক ও ব্যক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে জারিয়াবের আবেগিক ও আত্মিক যাত্রা তুলে ধরা হয়েছে এতে।
সাম্প্রতিক পর্বকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্য দিয়ে নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে দর্শকদের দৃষ্টিভঙ্গিও নতুন করে আলোচনায় এসেছে। দুরেফিশানের বক্তব্য, জারিয়াবের সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও তার ব্যক্তিগত পছন্দকে সম্মান করা সম্ভব। কোনো নারীর পোশাক কিংবা ব্যক্তিগত পরিবর্তনের জন্য সবার অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।
ট্রিবিউট অবলম্বনে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন