০৪:২৩ পি.এম
ভারতে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলন মূলত বাংলাদেশের উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনের উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন ভারতে চলমান আন্দোলনের অন্যতম নেত্রী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের ফেসবুক পেজে ভিডিও বার্তাটি শেয়ার করেছে।
ভিডিও বার্তায় নেহা বোরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমরা জানি যে, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে জেন জি আন্দোলন দেখছি, তা প্রথম বাংলাদেশে শুরু হয়েছিল। আপনাদের ধন্যবাদ, আমাদেরকে পথ দেখানোর জন্য ও ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য।" তিনি আরও বলেন, "বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যেও এক।"
আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা
এরপর তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াইয়ের মতো, ভারতের তরুণরাও মোদি সরকারের বিরুদ্ধে একই লড়াই চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে নেহা বোরা বলেন, "বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সাথে ভারতের শিক্ষাঙ্গনে চলা উগ্রবাদী প্রভাবের গভীর মিল রয়েছে।"
বাংলাদেশি তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, "আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।"
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের জেন জি নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। নির্বাচনী সংস্কার এবং ভিন্নমতের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতীয় মনোযোগ আকর্ষণ করেছেন তিনি।
আরও পড়ুন: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন