প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মস্তিষ্কের জটিলতা নিয়ে ১০ দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ মারা গেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুদ বায়েজিদ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতেন।
জানা যায়, গত ৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান।
মাসুদ বায়েজিদের গ্রামের বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহপাঠী ও বন্ধু নাজমুস সাকিব।
বন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে ছবিগুলো যখন তুলেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন তোর অকালে চলে যাওয়ার শোকবার্তায় পোস্ট করতে হবে। আমার বন্ধু, জহু হলের সবচেয়ে ভদ্র ছেলেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভদ্র ছেলেটি আজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. জহির রায়হান রিপন বলেন, ‘বায়েজিদ ভাই গত কিছুদিন ধরে ব্রেইনের জটিলতা নিয়ে মুগদা মেডিকেলের আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মতো এত নম্র, ভদ্র ও মার্জিত স্বভাবের সিনিয়র ভাই আমি দেখিনি।’
এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন জানান, শিক্ষার্থীরা তাকে মাসুদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা গেছেন।
এদিকে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে মাসুদ বায়েজিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন