ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারী উদ্যোক্তা মা ইয়ানলি কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন


নারী উদ্যোক্তা মা ইয়ানলি কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন

চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে এক নারী উদ্যোক্তা তার রেস্তোরাঁর সেরা কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছেন। উপহার পাওয়া কর্মীদের মধ্যে একটি নারী ওয়েটারও রয়েছেন, যিনি শীতকালেও ইলেকট্রিক স্কুটারে করে কাজে আসতেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়েছে, মা ইয়ানলি নামের ওই নারী চীনের হেনান প্রদেশে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন। কর্মীদের কাজের স্বীকৃতি ও পুরস্কার হিসেবে তিনি এই গাড়িগুলো কিনে দেন।

প্রতিটি গাড়ির দাম ছিল ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ টাকারও বেশি। গাড়িগুলোর পুরো দাম মা ইয়ানলি কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগে পরিশোধ করেন।

আরও পড়ুন: ইরানের ৩০টি উড়োজাহাজ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ধ্বংস

গাড়ি উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। এই উপহার পেয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান। লি জানান, গাড়ির শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি শুধু বলেছিলেন, তারা একটি ‘বড় খেলনা’ পেতে যাচ্ছেন। সেদিন একটি নতুন সাদা গাড়ি লি জিয়ের নামে নিবন্ধন করা হয়।

লি জিয়েকে গাড়ি উপহার দেওয়ার চিন্তা গত শীতকালে মা ইয়ানলির মাথায় আসে। আট বছর ধরে রেস্তোরাঁয় কাজ করা এই কর্মীকে একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ইলেকট্রিক স্কুটারে করে কাজে আসতে দেখে তিনি উদ্বিগ্ন হন। হিমেল বাতাসে লি জিয়ের মুখ লাল হয়ে গিয়েছিল, কান ছিল বেগুনি রঙের এবং হাত ছিল ঠান্ডায় জমে যাওয়ার মতো শক্ত।

কর্মীর এমন কষ্ট দেখে মা ইয়ানলি ভাবতে থাকেন, তিনি নিজে যখন আরামে গাড়িতে যাতায়াত করতে পারেন, তখন তার কর্মীদের কেন এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে? সেই উপলব্ধি থেকেই কর্মীদের গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চীনে কর্মীদের মূল্যায়নে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বড় অঙ্কের বোনাস ও দামি উপহার দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে।

আরও পড়ুন: স্পেনে অতিবৃষ্টি ও বন্যায় চারজনের মৃত্যু, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে

এর আগে ২০২৫ সালে চীনের হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির চেয়ারম্যান সুই পেইজুন চীনা নববর্ষ উপলক্ষে কর্মীদের মধ্যে মোট ১৮ কোটি ইউয়ান বোনাস বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানল থেকে উদ্ধার ৮ ওরাংওটাংকে সংরক্ষিত বনে অবমুক্ত করল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


দাবানল থেকে উদ্ধার ৮ ওরাংওটাংকে সংরক্ষিত বনে অবমুক্ত করল ইন্দোনেশিয়া

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ : ভয়াবহ দাবানল থেকে উদ্ধার করা আটটি ওরাংওটাংকে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে আগুনের কবল থেকে প্রাণীগুলোকে উদ্ধার করার পর শুক্রবার পশ্চিম কালিমান্তান প্রদেশের বাতু নিয়াম্বু সংরক্ষিত বনে তাদের মুক্তি দেওয়া হয়।

রোববার ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এবং বন্য প্রাণী উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

দেশটির বন মন্ত্রণালয় এবং বন্য প্রাণী পুনর্বাসন সংস্থা ওয়াইআইএআরআইয়ের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত মাসে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের পশ্চিম কালিমান্তান প্রদেশের বিভিন্ন স্থানে দাবানলে পুড়ে যাওয়া স্থান থেকে ওরাংওটাংগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্থানগুলোর বেশির ভাগই ছিল বনসংলগ্ন কৃষি ও বাণিজ্যিক বাগান।

আটটি উদ্ধার করা ওরাংওটাংয়ের মধ্যে তিন জোড়া মা ও শাবক এবং দুটি কিশোর বয়সী পুরুষ ওরাংওটাং অন্তর্ভুক্ত ছিল।

তাদের পশ্চিম কালিমান্তানের ২৩ হাজার হেক্টর আয়তনের বাতু নিয়াম্বু সংরক্ষিত বনে স্থানান্তর করা হয়েছে। এই বনটিতে প্রাকৃতিক ও পুনরায় গড়ে ওঠা—দুই ধরনের বনাঞ্চল বিদ্যমান।

ওয়াইআইএআরআইয়ের প্রধান নির্বাহী কারমেলে ইয়ানো সানচেজ মন্তব্য করেন, "যদি কোনো প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল নিরাপদ না থাকে, তবে তাকে অন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ওরাংওটাং যেন নিরাপদে বনে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে তাদের আবাসস্থল সংরক্ষণ সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তবে আবাসস্থল যত দিন হুমকির মুখে থাকবে, তত দিন তাদের বেঁচে থাকতে সহায়তা করার অন্যতম কার্যকর উপায় হবে উদ্ধার করা।"

সংস্থাটির পরিচালন বিভাগের পরিচালক আরগিতোয়ে রান্তিং জানান, নতুন আবাসস্থল হিসেবে বাতু নিয়াম্বু সংরক্ষিত বনকে বেছে নেওয়ার পেছনে পর্যাপ্ত খাবার ও পানির উৎস এবং আশপাশের অন্যান্য বনের সঙ্গে সংযোগ থাকার বিষয়টি বিবেচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, "আমরা নিশ্চিত করতে চাই, উদ্ধার করা ওরাংওটাংগুলোকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে না, বরং তাদের প্রাকৃতিক আবাসস্থলে টিকে থাকার প্রকৃত সুযোগ তৈরি করা হচ্ছে।"

ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার স্থানীয় প্রধান মুরলান দামেরিয়া পানে জানান, আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবানলের ঝুঁকি থেকে দেশটির কর্তৃপক্ষ ও ওয়াইআইএআরআই যৌথভাবে মোট ৪৬টি ওরাংওটাংকে উদ্ধার করেছে।

বর্তমানে ওরাংওটাং বিলুপ্তির অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম।

বিশ্ব বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা ডব্লিউডব্লিউএফের তথ্য অনুযায়ী, বোর্নিও ও সুমাত্রা দ্বীপ মিলিয়ে বর্তমানে প্রায় ১ লাখ ৪ হাজার ওরাংওটাং রয়েছে। এক শতাব্দী আগে এ সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজারেরও বেশি।

গত মাসে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) সতর্ক করে জানায়, বোর্নিও দ্বীপের এমন সব বনাঞ্চলে আগুন জ্বলছে, যেখানে দ্বীপটির মোট ওরাংওটাংয়ের প্রায় ৫২ শতাংশের বসবাস।

শুষ্ক মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়ই দাবানল দেখা দেয়। তবে এ বছর এল নিনো আবহাওয়াব্যবস্থার প্রভাবে আগুনের তীব্রতা বেড়েছে। গত চার দশকে তুলনামূলক তথ্য সংরক্ষণ শুরুর পর এবার অন্যতম শক্তিশালী এল নিনো দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বনভূমি পরিষ্কার করতে গাছপালা কেটে পুড়িয়ে ফেলার প্রচলিত পদ্ধতিকেও দাবানল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিকভাবে আগুন প্রতিরোধে সক্ষম বনাঞ্চলের পরিবেশ ও গঠন বদলে যাচ্ছে।

দাবানলের কারণে স্থানীয়ভাবে ঘন ধোঁয়াশা তৈরি হয়েছে। এতে শ্বাসতন্ত্রের অসুস্থতায় আক্রান্ত হয়েছেন কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার মানুষ। একই সঙ্গে সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বায়ুদূষণের মাত্রা বেড়েছে।

বনাঞ্চল ধ্বংস ও দাবানলের ঝুঁকির মধ্যে ওরাংওটাংগুলোকে নিরাপদ আবাসস্থলে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের প্রাকৃতিক বন সংরক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট সংরক্ষণকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমন্ত্রী নুর সাদিক কায়েমের ছবি প্রকাশ্যে আনলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


প্রতিমন্ত্রী নুর সাদিক কায়েমের ছবি প্রকাশ্যে আনলেন

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং নিয়মিত মিছিল ও মিটিংয়ে অংশ নিতেন। বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনার বাইরে থাকলেও, সম্প্রতি সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার একটি ছবি সামনে এনে তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মিছিলে হামলা করার জন্য ছাত্রলীগ মিছিল নিয়ে আসছে। তারা আমাদের মিছিল প্রতিহত করবে। ওই মিছিলে লাল কালি দিয়ে একটা ছবি মার্ক করা। আব্দুল কাদের পোস্ট দিয়েছে—লাল মার্ক করা একটা ছেলে আছে, সাদিক কায়েম। যিনি আজকে ডাকসুর ভিপি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি। ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠাতে হবে। আর আজকের ডাকসুর ভিপি ও জামায়াতের নেতারা ওই আওয়ামী লীগ-ছাত্রলীগের, যেটা বলে লুঙ্গির নিচে, গামছার নিচে ছিল, তারা আসতো আমাদের পিটাইত। এটা তো প্রমাণ তাই না? গণঅভ্যুত্থানের পর ক্রেডিট ছিনতাই করে তারা বিপ্লবী হয়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের একটি ফরমূলা আছে। আপনি সমস্যায় আছেন, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে হেল্প করে এটার প্রমাণ রাখবে। তারা যেখানেই যার সঙ্গে দেখা হোক, ছবি তুলে প্রমাণ রাখে।’

নুরুল হক নুর উল্লেখ করেন, ‘আজকে জামায়াত-শিবিরের কর্মীরা, সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে লিখবে, কথা বলবে, এগুলো জবাব দিতে হবে আমরা মনে করি না। জামায়াত-শিবির ঘৃণার সমাজে বিষবাষ্প ছড়াচ্ছে। জামায়াত-শিবির এই গণঅভ্যুত্থান পরবর্তী ভাইরাসের মতো আমাদের দেশে ক্ষতি করেছে। আজকে যে ওসমান হাদির কথা আমরা বলছি, ওসমান হাদি গোটা দেশের লক্ষ লক্ষ তরুণদের, বিপ্লবী সংগ্রামী তরুণদের মন জয় করতে পেরেছে তার কথাবার্তার মাধ্যমে। বিশেষ করে জুলাই ঐক্যকে সমন্বিত রাখার জন্য; রাজনৈতিক ঐক্যবদ্ধ থাকার জন্য আলাপ করেছিল। বাংলাদেশের রাজনৈতিক, ভৌগোলিক সমস্যা নিয়ে জোরাল কথা বলতো, যেটা অনেকে বলতো না। এই কথাগুলো আমরা বলে আসছি। কিন্তু অভ্যুত্থানের পরে পরিচিত ছাত্রনেতারা দল গোছাতে, নিজেরা বিয়ে-শাদি করতে ব্যস্ত হয়ে পড়ে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘টেলিভিশনের টকশোতে বলেছিলাম—ওসমান হাদি নিজের পরিচয়েই পরিচিত। তাকে যে কবি নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবে—কেন কবি নজরুলের পাশে কবর দেওয়া হলো। তার জন্য প্রয়োজনে আলাদা একটা স্থান নির্ধারণ করা যেত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ৪০ বছর: ১০ সাংবাদিককে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


খুলনায় সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ৪০ বছর: ১০ সাংবাদিককে সংবর্ধনা

খুলনা, ১১ অক্টোবর, ২০২৬ : খুলনা প্রেসক্লাবের প্রবীণ সদস্যদের ৪০ বছরের সাংবাদিকতা পেশার দীর্ঘ ও বর্ণাঢ্য পথপরিক্রমায় গৌরবোজ্জ্বল অবদানকে সম্মান জানাতে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান এবং নারী উদ্যোক্তা শামিমা সুলতানা শিলু।

এ অনুষ্ঠানটি খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতা শিল্পে প্রবীণ সদস্যদের চার দশকের ত্যাগ, নিষ্ঠা এবং সমাজ গঠনে তাদের অবিস্মরণীয় ভূমিকা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের মোট ১০ জন প্রবীণ সাংবাদিককে সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করে বিশেষ সম্মাননা জানানো হয়।

সম্মাননাপ্রাপ্ত গুণী সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, দ্য নিউ নেশন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মুনির উদ্দিন আহমেদ, খুলনা গেজেট পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, অনলাইন নিউজ পোর্টাল ‘চরচা’র বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনবি’র শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের নিউজ এডিটর মাসুদুর রহমান রানা, নতুন দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. আনিসুজ্জামান, নয়া দিগন্ত’র খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং সাপ্তাহিক কোলাহল পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, "সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।" প্রবীণ সাংবাদিকরা তাদের দীর্ঘ পথচলায় সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, প্রবীণ এ কলম সৈনিকরা প্রতিকূল পরিবেশেও সত্যের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে সমাজ গঠনে যে অবিস্মরণীয় অবদান রেখেছেন, তা খুলনা তথা দেশের সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রবীণদের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

এছাড়া, প্রবীণ সদস্যদের পাশাপাশি ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদেরও সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, ক্লাবের নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও মো. আনিস উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে খুলনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবীণ সাংবাদিকদের এ গৌরবোজ্জ্বল মুহূর্তকে উদযাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুনদের জন্য লাকি চার্ম তৌসিফ মাহবুব, সহযোগিতার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


নতুনদের জন্য লাকি চার্ম তৌসিফ মাহবুব, সহযোগিতার প্রতিশ্রুতি

বর্তমানে তৌসিফ মাহবুব একটি ব্যস্ত সময় পার করছেন। নাটকের পাশাপাশি, তিনি এখন ওয়েবেও কাজ করছেন। সম্প্রতি তাঁর নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ অনলাইনে মুক্তি পেয়েছে। এই নাটক নিয়ে তিনি ইমরুল নূরের সঙ্গে কথা বলেছেন।

নাটকটি মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, "এক দিনে সাড়ে তিন মিলিয়নের মতো ভিউ হয়েছে দেখলাম। দর্শকরা বেশ পছন্দ করছে। বেশির ভাগই ইতিবাচক মন্তব্য। কেউ কেউ অভিনয় নিয়ে মন্তব্য করছে, আবার কেউ গল্পের শেষটার প্রশংসা করছে। যেহেতু একটু ফ্রি ছিলাম, গত রাতে ইউটিউবে নাটকের প্রায় দেড় হাজার কমেন্ট পড়েছি। এখন পর্যন্ত শতভাগ কমেন্টই ইতিবাচক। একটাও নেতিবাচক কমেন্ট নেই। এর মধ্যে কেউ হয়তো তটিনীর ভক্ত আবার কেউ আমার। এটা সত্যি একটা বড় পাওয়া। দিনশেষে আমরা তো দর্শকের জন্যই কাজ করি। তারা যখন কোনো কাজ দেখে প্রশংসা করে কিংবা নিজেদের মতামত জানায় সেটাই আমাদের আগামী দিনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আগের কাজটার চেয়ে পরের কাজটা কিভাবে আরো ভালো করা যায়, সেটার দিকে সব সময় খেয়াল রাখি।"

নাটকটিতে তটিনী ছাড়াও একজন নবাগতাকে দেখা গেছে। এ বিষয়ে তিনি বলেন, "হ্যাঁ, নীহা চৌধুরী। মডেলিং করে, তবে অভিনয়ে নতুন। কোনো কাজে সহশিল্পী কে থাকবে, সেটা আমার সিদ্ধান্ত থাকে না, পরিচালকের সিদ্ধান্ত। গল্পের প্রয়োজনেই তার আগমন। সম্প্রতি এক ইন্টারভিউয়ে তাকে বলতে শুনলাম, ছোটবেলা থেকে আমার নাটক দেখে বড় হয়েছে। আমার সঙ্গে পর্দা শেয়ার করা নিয়ে নাকি নার্ভাস ফিল করছিল। গল্প নিয়ে যখন কথা হচ্ছিল তখন ওর চরিত্রটা নিয়ে ওর মনে অনেক প্রশ্ন ছিল, চরিত্রটি নেগেটিভ কি না! আশা করি, কাজটি করার পর সে তার উত্তর পেয়ে গেছে। দর্শকের রেসপন্সই সব বলছে।"

নতুনদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, "ওই যে বললাম, গল্পের প্রয়োজনেই নতুনরা আসে, আর এটা একদমই পরিচালকের সিদ্ধান্ত। এখন যারা নতুন কাজ করতে আসছে বা করছে সে অনুযায়ী আমি তাদের চেয়ে ১২ থেকে ১৪ বছরের সিনিয়র। রোমান্টিক গল্পে কাজ করতে গেলে দুজনের কেমিস্ট্রির একটা ব্যাপার থাকে। সেদিক থেকে আমি কেন, সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুনদের অনেকে হয়তো নার্ভাস ফিল করে। চেষ্টা করি তাদের কমফোর্ট ফিল করানোর, যেন তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। একসময় তটিনী নতুন ছিল, এখন পরিপূর্ণ অভিনেত্রী হয়ে উঠেছে। আমি সব সময় চেষ্টা করি নতুনদের সহযোগিতা করার। আরেকটা বিষয় খেয়াল করলাম, নতুনদের জন্য আমি লাকি চার্ম। কারণ তাদের অনেকের মতে আমার সঙ্গে কাজ করলে দর্শক ভালোভাবে গ্রহণ করছে, সঙ্গে আলোচনায় আসছে। এটা তাদের অনেকের কাছেই শুনেছি।

এই মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে?

তিনি জানান, "এই মুহূর্তে ছুটিতে আছি। তা-ও মাত্র তিন-চার দিনের। টানা ৯০ দিন শুটিং করেছি। এরপর মনে হলো, একটা ছোট্ট ব্রেক নেওয়া দরকার। তারপর স্ত্রীকে নিয়ে সিলেটে ঘুরতে এসেছি। আগামীকালই ঢাকায় ফিরব। ফিরেই আবার শুটিং শুরু করব।"

ভিকি জাহেদের ওয়েব ফিল্মের শুটিং কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, "ঢাকায় ফিরেই ভিকির কাজটা নিয়ে বসব। দুই দিনের মতো সময় আছে, এই কাজটার প্রস্তুতি নিতে হবে, এরপর ১৫ অক্টোবর থেকেই শুটিং শুরু করব। সাত থেকে ১০ দিনের মতো লাগবে এটা শেষ করতে। এরপর আবার এই মাসের শেষের দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং করতে হবে। তিন-চার দিন শুটিং করলেই এবারের মতো সিজনের কাজ শেষ। এটা শেষ করে আবার ভিকির সঙ্গেই ফিরতে হবে, ‘চক্র ৩’-এর শুটিংয়ে। নভেম্বরে এটার শুটিং শুরু করতে হবে, যেহেতু ডিসেম্বরে রিলিজ আগেই ঘোষণা দেওয়া।"

নাটকের পর ওটিটিতে আসা এবং সফলতার প্রসঙ্গে তিনি বলেন, "কোনো কিছুতে তাড়াহুড়া না করাই ভালো। সবাই যখন ওটিটিতে ব্যস্ত আমি তখনো নাটক করছিলাম। তারপর সময় নিয়ে ভালো একটা প্রজেক্টে ওয়েব করলাম। দর্শকের অভাবনীয় সাড়া পেলাম। সত্যি বলতে আমি দর্শকদের হতাশ করতে চাই না। সিনেমার ক্ষেত্রেও চাই সঠিক সময়ে একটা ভালো কোনো প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসতে। সম্প্রতি নিকেতনপাড়া থেকে একটি সিনেমার প্রস্তাব এসেছিল। বেশ কয়েক দিন মিটিংও করেছি, কিন্তু শিডিউলের কারণে সেই সিনেমা করা আমার পক্ষে সম্ভব হয়নি। সিনেমার প্রস্তাব আসছে, কিন্তু সেটা নিয়ে ঠিক তখনই জানাতে পারব যখন সবকিছু ব্যাটে-বলে মিলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%