১১:০১ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করার জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয়ের কাজ চলছে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তিতাস শেখের মতো কাউকে যেন প্রাণ দিতে না হয়, সেই জন্য শুধু সরকারি উদ্যোগ নয়; গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।
এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন