প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের কন্যা তৃষা সিংও রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানার মেরিন ড্রাইভ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি এতটাই দুমড়েমুচড়ে যায় যে ভেতরে আটকে থাকা চারজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়াল। ভোররাতে চারজন একটি সাদা রঙের গাড়িতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাত এত ভয়াবহ ছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং গাড়িটি ট্রাকের নিচে ঢুকে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি রাত প্রায় তিনটার দিকে ঘটে। ট্রাকটি আগের রাত থেকেই বিকল হয়ে সড়কের ডান পাশে ডিভাইডারের কাছাকাছি দাঁড়িয়ে ছিল। ট্রাকটি সরানো সম্ভব হয়নি এবং সেটিকে অন্য যানবাহনের চালকদের জানান দেওয়ার জন্য পেছনে একটি গাছের ডাল রাখা হয়েছিল বলে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়। তবে সেখানে কোনো প্রতিফলক চিহ্ন বা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরে চারজন আটকে পড়েন। গাড়িটি এতটাই চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল যে উদ্ধারকারীদের গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির অংশ কেটে তাদের বের করতে হয়। পরে নিহতদের লাশ জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানিয়েছেন, গাড়িতে থাকা চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ এবং কীভাবে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর ঝাড়খণ্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়েসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মন্তব্য করেন, "সন্তান হারানোর কষ্ট কোনো বাবা-মায়ের পক্ষেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।" ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চার লেনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে গাড়িটি প্রায় সম্পূর্ণ চূর্ণ হয়ে রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনা রাতের বেলায় বিকল যানবাহন সড়কে পড়ে থাকলে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা কতটা জরুরি, সেই প্রশ্নও সামনে এনেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন