প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, তাদের উপর কঠোর নজরদারি রাখা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং বিভাগীয় মামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উপর কোনো চাপ নেই; বরং এসব কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বিভিন্ন কর্মসূচির প্রেক্ষিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করছে। সম্ভাব্য যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নভেম্বরে, ডিসেম্বরে এবং কখনো কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলছেন। তবে এসব ঘোষণার প্রেক্ষিতে সরকারের বিশেষ কোনো চাপ বা উদ্বেগ নেই। সরকার সবসময় সতর্ক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো ওই চিঠি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দেশ।
পলাতক আওয়ামী লীগ নেতাদের সীমান্তের ওপারে অবস্থান করে নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিম ও পূর্ব সীমান্তের বিভিন্ন এলাকায় দলের কয়েকজন পলাতক নেতা অবস্থান করছেন এবং সেখান থেকে দেশে আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশনা দিচ্ছেন। তারা মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির ঘোষণা দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা বুঝে কিংবা না বুঝে বিভিন্ন প্রতারণা ও ফাঁদে পা দিতে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্ররোচিত করছেন। অনেক নেতাকর্মী সামাজিকভাবে ও অঘোষিতভাবে পুনর্মিলনের পরিস্থিতিতে পৌঁছেছিলেন। কিন্তু পলাতক নেতাদের কর্মকাণ্ড তাদের আবার বিপদের মুখে ফেলছে।
এ বিষয়ে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পলাতক নেতাদের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত না করার আহ্বান জানান। প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের পরও কিছু লোক আন্দোলনের নামে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা করছে। প্রকৃত শ্রমিকদের সঙ্গে এসব আন্দোলনকারীদের সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম মজুরি বোর্ড তা ঘোষণা করেছে এবং বোর্ডের সদস্যরা সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হলে তা খতিয়ে দেখা হবে।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে বিজিবি মোতায়েন করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। কোনো প্রাণহানি বা সহিংসতা ছাড়াই বিভিন্ন অপচেষ্টা ভন্ডুল করা হয়েছে। দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ও এসব পরিস্থিতি দেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ উগ্রবাদী তৎপরতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একইভাবে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবিলা করবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত চলছে এবং সম্ভবত শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে ব্যক্তি, গোষ্ঠী কিংবা সংগঠন জড়িত থাকলে তাদের বিচারের আওতায় আনার বিধান রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক কার্যক্রম সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গণহত্যা, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে।
জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে এমন গোষ্ঠীর উদাহরণ রয়েছে, যারা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আর রাজনীতিতে ফিরতে পারেনি। তিনি সংসদেও বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি আর বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবে না।
তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসবে বলে জানান তিনি। তদন্ত, অভিযোগপত্র ও বিচার শেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন