প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ যাত্রা ফাউন্ডেশন। এ সময় শহরের বাইরে মানিকছড়িতে বাস ও ট্রাক টার্মিনাল স্থানান্তর এবং হাসপাতালসংলগ্ন সড়কসহ শহরের বিভিন্ন সড়কের খানাখন্দ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ ট্রাফিক বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে চালক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো থেকে বিরত থাকতে হবে। ঘুম ঘুম চোখে কিংবা মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো যাবে না। পাশাপাশি নৌপথে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা রাঙামাটি শহরের যানজট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাস ও ট্রাক টার্মিনাল দ্রুত শহরের বাইরে মানিকছড়িতে স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে শহরের অলিগলি এবং বিশেষ করে হাসপাতালসংলগ্ন সড়কের বেহাল দশা ও খানাখন্দ দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার আহ্বান জানান।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন সংগঠক আলমগীর হোসেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এবং সংগঠক মো. ইভান শফি, হুমায়ুন কবির ও আরিয়ান রিয়াজ।
এ সময় সংগঠনের সদস্য অভি ইসলাম রাফি, সানজিদা ইসলাম সানজু, ইসরাত জাহান ও আরিফুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জামান, সার্জেন্ট বিশ্বজিৎ এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে স্থানীয় চালক ও যাত্রীরা অংশ নেন। আয়োজকেরা বলেন, সড়ক ও নৌপথে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন