প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এই সময়ের মধ্যে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে কাগজে-কলমে দারিদ্র্য থেকে মুক্তি পেলেও বাস্তবে লাখো মানুষের জীবন এখনও অভাব ও অনটনে কাটছে।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দেখা গেছে, ভারতের অনেক পরিবার দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করলেও যেকোনো আর্থিক সংকটে তারা আবারও চরম দারিদ্র্যের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মূল্যবৃদ্ধি, ঋণের বোঝা, চিকিৎসার খরচ এবং অনিশ্চিত কর্মসংস্থান তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে।
রাজস্থানের ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির পরিবার এই পরিস্থিতির একটি উদাহরণ। তিনি মাসে প্রায় ১১ হাজার রুপি আয় করেন, কিন্তু তিন সদস্যের সংসার চালাতে তাকে প্রচুর কষ্ট করতে হয়। বাড়তি আয়ের জন্য তিনি ঘর পরিষ্কার এবং থালাবাসন ধোয়ার কাজ করেন। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ঋণের কারণে মাসের শেষ দিকে খাবার কেনার জন্য টাকাও থাকে না।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের দারিদ্র্য হ্রাসের পেছনে সরকারি খাদ্য সহায়তা এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা রয়েছে। দেশটির প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য পান। তবে বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্যসীমার হিসাব দিয়ে মানুষের প্রকৃত জীবনযাত্রার মান বোঝা যায় না। মহামারি, বন্যা, খরা কিংবা চিকিৎসার অতিরিক্ত খরচের মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন