প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। সে কারণেই ২০২৬-২৭ সালের প্রস্তাবিত অর্থ বছরে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ৫ বছরে ২৫ কোটি নতুন বৃক্ষ রোপনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সবুজ কর্মসংস্থান, এক শিশু এক গাছ, পরিবেশ বান্ধব চাষাবাদসহ উপস্থাপিত পদক্ষেপে তারেক রহমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত বাজেটকে দেশবাসী, অর্থনীতিবিদ এবং বোদ্ধা মহল ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। তবে জামায়াত-এনসিপি নেতারা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে মস্তিষ্ক, মন, চোখ ও কানের চিকিৎসা প্রয়োজন তা প্রমাণ করেছেন।
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ময়মনসিংহ জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন প্রিন্স।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে তাঁর নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন। এরপর, ধোবাউড়ায় জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে গাছের চারা রোপন করে ময়মনসিংহ জেলায় জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন প্রিন্স।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ জেলা পরিষদ আগামী ১৮০ দিনে জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের নিজস্ব স্থাপনা ও প্রকল্পভুক্ত এলাকায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে।
এ উপলক্ষে ধোবাউড়ায় জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের অর্থনীতিবিদগণ প্রস্তাবিত বাজেটকে ‘অন্য যেকোনো সময়ের চেয়ে একটি চিন্তাশীল বাজেট, মানবিক অর্থনীতি গড়ার চেষ্টা, অর্থনীতিতে গতিশীলতা ও চাঞ্চল্য আনার জন্য সরকারের প্রচেষ্টা’ হিসেবে চিহ্নিত করছেন। তবে বিরোধী নেতারা বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটবান্ধব’ বলছেন, যা প্রমাণ করে তারা মানসিকভাবে অসুস্থ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ পরিবেশ রক্ষা করে, পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সভাপতিত্বে উপজেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের বক্তব্য রাখেন।
এ সময় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন