প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি একটি পরিবেশবান্ধব দল হিসেবে পরিচিত। বৃক্ষরোপণ, নদী-নালা ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিএনপি কার্যক্রম পরিচালনা করছে।
আজ (বুধবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদী-নালার মধ্যেও কোনো পার্থক্য নেই।’
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় গাছ, মাছ, নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় রক্ষা করা অপরিহার্য। অন্যথায়, মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
অপরিকল্পিত নগরায়ণকে পরিবেশ দূষণের একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, অতীতে শরৎকালে বিল ও ঝিলের পাশে কাশফুল দেখা যেত। জলাশয় ভরাটের কারণে বর্তমানে সেই দৃশ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাই, পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। শহরের ফাঁকা জায়গাগুলোতে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি নদী, খাল, বিল ও জলাশয় রক্ষা করা অত্যন্ত জরুরি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, অতীতে পুরান ঢাকা অপরিচ্ছন্ন রাস্তা, নদী-নালা ও জলাশয়ের কারণে ভীতিকর মনে হতো। তবে বর্তমানে বিভিন্ন পুকুর, খাল ও জলাশয় পরিষ্কার করার ফলে পরিবেশের পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকলেও ইতোমধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় মামলা, হামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতা কর্মীরা বৃক্ষরোপণ ও নদী-নালা পরিষ্কারের কার্যক্রম চালিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, করোনার সময়েও ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জনস্বার্থের দল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের কল্যাণে দলটি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন