প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি মন্তব্য করেছেন যে, হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে ফেরার হুংকার দিচ্ছেন এবং দেশে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। তবে, তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। তার ফেরার স্বপ্ন কখনো পূরণ হবে না।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার পরিবর্তন ঘটায় এবং সৎ ও যোগ্য নাগরিক গঠনে সহায়তা করে। তিনি উল্লেখ করেন, দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি সরকারি সহায়তা সমভাবে বণ্টনের চেষ্টা করেছেন এবং বিবিরভিলা শান্তি বিহারসহ আশপাশের এলাকার উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, শ্রী বাবু রকি বড়ুয়া, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফয়জুল কবির ফজলু, মাওলানা শামসুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন