প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম এবং হয়রানি দূর করার জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতির কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য ভূমি অফিসে গিয়ে হয়রানি ও ভোগান্তি থেকে মুক্ত থাকার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এর জন্য ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কোনো অসহায় কৃষক বা সাধারণ মানুষ যেন ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সেই দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু আরও বলেছেন, দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। জমি নিয়ে বিরোধ এবং অসন্তোষ নিরসনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, ইউএনও, এসিল্যান্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেছেন, দায়িত্ব পালনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। মানুষের সেবা করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েও কাজ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেছেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।
সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারতেœ বলেছেন, দেশের ৬৪টি জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্ভুল ভূমি রেকর্ড রাজশাহীর কৃষক, পরিবার এবং নারী ভূমিমালিকদের ভূমির অধিকার সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিরোধ নিষ্পত্তি এবং নাগরিকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলমসহ ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, রাজশাহী জেলা প্রশাসন এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন