প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন। তবে সম্প্রতি তিনি তার ডেটিং জীবন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলেছেন।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের জবাবে প্রথমে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরে এমন একটি মন্তব্য করেছেন, যা নেটদুনিয়ায় নতুন জল্পনার সৃষ্টি করেছে। সানিয়া তার একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন।
সম্প্রতি সানিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী এবং বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে বরং তাকে বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলের সদস্য হিসেবে দেখেন এবং অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে আচরণ করেন।
আড্ডার মধ্যে ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝে মাঝে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। সানিয়া স্পষ্টভাবে জানান, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে কথোপকথন এখানেই শেষ হয়নি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?
ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন! প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। পরে তিনি হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পর জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
সানিয়া মির্জা এবং ফারাহ খানের মধ্যে গভীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তারা বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন। সানিয়া একসময় জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারাহ, যেখানে তাদের এই নিবিড় বন্ধুত্বের ঝলক স্পষ্টভাবে ফুটে উঠেছিল।
উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর তারা দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন এবং ২০১৮ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
বিচ্ছেদের পর বর্তমানে সানিয়া ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তার ছেলে ইজহানও টেনিস খেলে। যদিও মায়ের মতো টেনিসের প্রতি ছেলের বিশেষ কোনো আগ্রহ নেই, তবে সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি ইজহানের বেশ ঝোঁক রয়েছে বলেই জানিয়েছেন গর্বিত মা।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন