প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হঠাৎ করে স্কুলের মাঠে একটি হেলিকপ্টার অবতরণ করল! মুহূর্তের মধ্যে স্থানীয়রা কৌতূহলী হয়ে উঠলেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এমন একটি দৃশ্যের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে জানা যায়, দক্ষিণ কোরিয়া থেকে হেলিকপ্টারে দেশে ফিরেছেন এক প্রবাসী ছেলে, তার মায়ের জানাজায় অংশ নিতে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের মাঠে একটি হেলিকপ্টার অবতরণ করতে দেখে আশপাশের উৎসুক জনতা ছুটে আসেন। নিমেষে আশপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মনোহরগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বাতাচোঁ গ্রামের বাসিন্দা মাস্টার মমতাজ উদ্দিন আহমেদের প্রবাসী ছেলে মো. ইমরান হোসেন ছোটন তার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে রবিবার (২৯ নভেম্বর) সুদূর দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন। তিনি ঢাকা থেকে একটি বেসরকারি হেলিকপ্টার ভাড়া করে এলাকায় আসেন, যাতে নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান হোসেন ছোটনের মা শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি শেষবারের মতো মাকে এক নজর দেখতে এবং জানাজায় অংশগ্রহণের জন্য দ্রুত দেশে ছুটে আসেন।
প্রবাস থেকে মাকে শেষ বিদায় জানাতে ছেলের এই দ্রুত আগমনে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হেলিকপ্টারে তার আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন