প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি ভাষা, বাস্তব কর্ম-অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক তৈরির ওপর বিশেষজ্ঞরা জোর দিয়েছেন, যাতে তারা ফ্রান্সের প্রতিযোগিতামূলক শিল্প ও প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে পারে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফ্রান্সে আসা শিক্ষার্থীদের সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে রবিবার প্যারিসের ১০ম অ্যারোন্ডিসমেন্টের একটি রেস্টুরেন্টে পেশাগত নেটওয়ার্কের গুরুত্ব তুলে ধরা হয়।
‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স’ (বিএসএনএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন যে, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই ফ্রান্সের কর্মবাজারে প্রবেশ করা সম্ভব নয়। বরং এর পাশাপাশি ফরাসি ভাষায় দক্ষতা, ইন্টার্নশিপ, থিসিস, বাস্তব কর্ম-অভিজ্ঞতা এবং শিল্প-একাডেমিক যোগাযোগ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
ফ্রান্সের শীর্ষস্থানীয় বিমান ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান সাফরানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ফরিদ মিয়া দেশটির শিল্প ও ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনা তুলে ধরেন।
তিনি বলেন, "ফ্রান্সের সুসংগঠিত শিল্প খাতে শিক্ষার্থীদের স্থান করে নিতে ইন্টার্নশিপ, থিসিস এবং চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে শুরু থেকেই সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন।"
আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের পরিবর্তিত চিত্র তুলে ধরে ডেটা সায়েন্টিস্ট ও এআই গবেষক ড. আবুল হাসনাত বলেন, "আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাজীবন থেকেই নিজেদের বৈশ্বিক মানের পেশাজীবী হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা অর্জনেরও কোনো বিকল্প নেই।
‘আমি ভয়েজ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম হোসেন শিক্ষার্থীদের ফরাসি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "ফ্রান্সের কর্মক্ষেত্রে প্রবেশ এবং স্থানীয় পর্যায়ে পেশাগত যোগাযোগ তৈরির ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অন্যতম প্রধান পূর্বশর্ত।"
সেমিনারে ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা উল্লেখ করেন, বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে উচ্চতর গবেষণা, ইন্টার্নশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার পথ আরো সুগম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্যারিস-সাকলে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুম, বিসিএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, গবেষক ও শিক্ষার্থী ইকরামুল কবির সালমান, মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, মোহাম্মাদ রাকিবুল হাসান, জাহিদুল হক, আফিয়া সায়েমা, আব্দুল্লাহ আল হাসান ও ওবায়েদুল হক শাহিনসহ অনেকে।
আলোচনা পর্ব শেষে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসএনএফের পক্ষ থেকে ফ্রান্সে নতুন আসা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ ও পেশাগত নেটওয়ার্কিং জোরদারে সংগঠনটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন