প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মন্তব্য করেছেন যে, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে হবিগঞ্জের বাহুবলে জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার এনামি জলসায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট বিভাগে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে বাহুবল মাদ্রাসার মাঠে আয়োজিত এ জলসায় তিনি যোগদান করেন। তাঁর আগমন উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিপ্লবের জন্য বাংলাদেশকে অনুসরণ করছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ‘জেন-জি’ প্রজন্ম এবং পাকিস্তানের যুবকেরা বাংলাদেশের তরুণদের কাছ থেকে সাহস ও অনুপ্রেরণা গ্রহণ করছেন। নেপালের তরুণ প্রজন্মও বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে।
জালিমের বুলেটের সামনে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার ঘটনাকে তিনি বিশ্বজুড়ে বিপ্লবের একটি ‘আইকনিক মডেল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এ দেশের তরুণেরা যে অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আজ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশের মানুষের অধিকার ও ইনসাফ নিশ্চিত করতে শত শত তরুণ প্রাণ দিয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। ইনসাফ প্রতিষ্ঠার এই মিছিলে শহীদ ওসমান হাদীও হাসিমুখে জীবন বিসর্জন দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, একটি প্রকৃত ইনসাফের বাংলাদেশ গড়তে খেলাফতের কোনো বিকল্প নেই।
জলসায় মাওলানা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ উল্লাহ। এদিকে জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান মানিক তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে মাওলানা মামুনুল হককে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এছাড়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিলেট বিভাগে দুই দিনব্যাপী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সফরসূচি শেষ হওয়ার পর ঢাকায় ফেরার পথে তিনি বাহুবল মাদ্রাসার এই বার্ষিক এনামি জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন