প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আগমনে ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লি নতুন পোশাকের সমাহারে জমে উঠতে শুরু করেছে। দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাকের বাজারটি বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে গড়ে উঠেছে এবং এখানে শীতের নতুন কালেকশন উঠেছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার ও কার্ডিগানসহ নানা ধরনের শীতের পোশাক কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন।
প্রতিবছর শীত মৌসুমে কালিগঞ্জের পোশাক বাজার সরগরম হয়ে ওঠে এবং এবারও তার ব্যতিক্রম নয়। বাজারের অধিকাংশ দোকানে শীতের বাহারি পোশাক সাজানো হয়েছে। ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ক্রেতারা এখান থেকে পোশাক সংগ্রহ করে নিজ নিজ এলাকার বাজারে বিক্রি করেন। শীত মৌসুমে এ বাজারকে ঘিরে কেনাবেচা ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পায়। ক্রেতাদের প্রত্যাশা, তারা তুলনামূলক সাশ্রয়ী দামে পছন্দের পোশাক সংগ্রহ করতে পারবেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের শুরুতেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে নতুন ডিজাইনের পোশাক তোলা হয়েছে। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন।
কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লিতে প্রায় ১০ হাজার ছোট-বড় পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় তৈরি পোশাক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এ পোশাক পল্লি দেশের মোট পোশাকের চাহিদার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘দেশের পোশাক সরবরাহ ব্যবস্থায় কালিগঞ্জ পোশাক পল্লির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’
সব মিলিয়ে শীতকে সামনে রেখে নতুন পোশাকের বিপুল সমাহারে প্রস্তুত কালিগঞ্জ পোশাক পল্লি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের পদচারণায় দেশের অন্যতম বৃহৎ এ পোশাক বাজার আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে ব্যবসায়ীদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন