প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ভেঙে যাওয়ার পর এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে দলটি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।
রোববার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সমাবেশের আয়োজন করা হয় গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে।
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভেঙেছে। তিনি দাবি করেন, এসব অবস্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতির সুযোগ পাবে না। তিনি আওয়ামী লীগের রাজনীতি দেশের মাটি থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। তার দাবি, এ ষড়যন্ত্রে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত সুরক্ষিত করার লড়াইকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তিনি জানান, এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।
সারজিস আলম আরো বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।
সমাবেশের আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন তারা।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন