প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গা শহরতলীর নূরনগর মুন্নামোড়ে একটি গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ২টি গরুরও মৃত্যু ঘটেছে। সোমবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৩৮), যিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ এবং শিপন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু কিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। সোমবার ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নূরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল মারা যান। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এসে হতাহতদের উদ্ধার করেন।
চালক তারাচাঁদ জানান, তারা ৩ জন রোববার বিকেলে ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দিয়েছিলেন। ভোরে হঠাৎ তার চোখে ঘুম চলে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন