প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ডানপন্থী নেতারা হামাসের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগ তুলে দেশটির আরব আইনপ্রণেতাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এই প্রেক্ষাপটে শুক্রবার ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত মাসের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দু’টি দল রা’আম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন অর্জন করেছে। ১২০ আসনের পার্লামেন্টে প্রায় এক-ষষ্ঠাংশ আসন নিয়ে দল দুটি সরকার গঠনের প্রচেষ্টায় আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আইজেনকট উল্লেখ করেন, ‘ইসরাইলের আরব নাগরিকরা দেশটির ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরও বলেন, ‘তাদের প্রান্তিক করে রাখা এবং সামগ্রিকভাবে হেয় করার চেষ্টা নাগরিক দায়িত্ববোধের নীতির গুরুতর লঙ্ঘন। এটি ইসরাইলের স্বাধীনতার ঘোষণাপত্র এবং একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেসব মূল্যবোধ নিয়ে আমরা গর্ব করি, সেগুলোর অবমাননা।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর আরব দলগুলোর নেতারা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন, এমন অভিযোগে নেতানিয়াহু ও তার মিত্ররা বারবার সমালোচনা করেছেন।
তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। হামলায় ইসরাইলি আরবরাও নিহত হন। তারা হলেন ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি তারা।
নেতানিয়াহু বারবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। তবে নির্বাচনী কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে।
এ সপ্তাহে নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু আক্ষেপ করে বলেন, আরব দলগুলোর এই দুটি জোট ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। যদিও রা’আমের নেতা মানসুর আব্বাস অতীতে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
নেতানিয়াহু আরও দাবি করেন, দল দুটি হয় একটি ‘ইসলামি রাষ্ট্র’ অথবা একটি ‘জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায়।
একই অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আনুগত্যের শপথ নেওয়ার সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, জাবারিন ‘হামাসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন।’
আইজেনকট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতভেদ থাকা সম্পূর্ণ বৈধ। তাদের কারও কারও কর্মকাণ্ডের তীব্র বিরোধিতাও করা যেতে পারে। কিন্তু একটি গোটা জনগোষ্ঠীকে হেয় করা বৈধ বা গ্রহণযোগ্য নয়। আমি তা হতে দেব না।’
রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার পরামর্শ অনুষ্ঠিত হয়। ওই পরামর্শে আরব দল দু’টিসহ অধিকাংশ রাজনৈতিক দল আইজেনকটকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দেয়।
তবে আইজেনকটের ডানপন্থী মিত্রদের একজন আভিগদর লিবারম্যান জানান, ইসরাইলি আরবরা সরকারে অংশ নিলে তিনি জোট থেকে সরে দাঁড়াবেন।
২৮ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে আইজেনকট আরও ১৪ দিন সময় চেয়ে নিতে পারবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব অন্য কোনো আইনপ্রণেতার হাতে যাবে। সে ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হলেন নেতানিয়াহু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন