প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেতা ও রাজনীতিবীদ রবি কিষাণ, অক্ষয় কুমারের সঙ্গে ‘কফি উইথ করণ সিজন ৯’-এ উপস্থিত হয়ে তার শৈশবের একটি ভয়াবহ অভিজ্ঞতা ও জীবনের মোড় ঘোরানো ঘটনাটি তুলে ধরেছেন।
রবি কিষাণ জানান, অভিনয়ের প্রতি তার অতিরিক্ত আগ্রহ এবং স্থানীয় রামলীলা নাটকে নারীর চরিত্রে অভিনয় করার কারণে তার বাবা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমনকি, তিনি তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। সেই কঠিন মুহূর্তে তার মা এগিয়ে আসায় তিনি প্রাণে বাঁচতে সক্ষম হন এবং বাড়ি ছাড়তে পারেন।
অনুষ্ঠানে রবি কিষাণ বলেন, তার বাবা পেশায় একজন পুরোহিত ছিলেন এবং পাশাপাশি দুধের ব্যবসা করতেন। বাবার ইচ্ছা ছিল যে রবি কিষাণ পারিবারিক ব্যবসায় যুক্ত হবেন অথবা সরকারি চাকরি করবেন। কিন্তু ছোটবেলা থেকেই তার মন ছিল স্থানীয় অপেশাদার থিয়েটারের প্রতি।
রবি কিষাণের কথায়, ‘বাবা চাইতেন আমি ব্যবসার অংশ হই কিংবা সরকারি চাকরিতে যাই। কিন্তু আমি অপেশাদার থিয়েটার করতাম। একটি রামলীলায় আমি শাড়ি পরেছিলাম এবং সেই অভিনয় দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে মারধর করেন। তিনি আমাকে বলেছিলেন, ‘‘তুই কি নারী নৃত্যশিল্পী হতে চাস?’’ নব্বইয়ের দশকে সিনেমা জগতকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না।’
তিনি আরও জানান, বাবার রাগ তখন সীমা ছাড়িয়ে গিয়েছিল। মা হস্তক্ষেপ না করলে সেদিন হয়তো তার প্রাণই যেত।
রবি কিষাণ বলেন, ‘এরপর মা আমাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেন, কারণ বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন, আমি পরিবারের সম্মানহানি করেছি।’
এই শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা রবি কিষাণ আগেও একটি পডকাস্টে উল্লেখ করেছেন। সময়ের পরিক্রমায় সেই সংগ্রামই তার জীবন গড়ে দিয়েছে। এ বছর দিল্লির রামলীলায় রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
চার বছর আগে ‘স্বর্ণ স্বর ভারত’-এর নবরাত্রি বিশেষ পর্বে তিনি জানিয়েছিলেন, অভিনয়ের নেশায় একসময় রামলীলায় সীতার চরিত্রেও অভিনয় করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘অনেকেই জানেন না, সাফল্যের দেখা পাওয়ার আগে আমাকে বহু বছর সংগ্রাম করতে হয়েছে এবং অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে হয়েছে।
বারাণসীর কাছের একটি গ্রাম থেকে এলেও এবং বাবা পুরোহিত হওয়া সত্ত্বেও, ছোটবেলা থেকেই অভিনেতা হতে চাইতাম। এমনকি অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই রামলীলায় সীতার চরিত্রেও অভিনয় করেছি।’
সাম্প্রতিক সময়ে নিজের সংলাপ ও রসবোধের কারণে সামাজিক মাধ্যমে মিম-ঝড় তুলে নতুন করে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন রবি কিষাণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন