প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান কুয়েতে ড্রোন হামলায় ইতালির দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। তেহরান কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে, যাতে হামলার প্রকৃত উৎস এবং জড়িত পক্ষগুলোকে শনাক্ত করা যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পৃথক টেলিফোন আলাপে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে এ বিষয়টি অবহিত করেন।
ফোনালাপে আরাঘচি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই ঘটনায় ইরানের কোনো ভূমিকা নেই। তিনি জানান, ঘটনার বিস্তারিত তদন্ত, হামলার উৎস এবং সংশ্লিষ্ট পক্ষগুলো শনাক্ত করতে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে অংশ নিতে ইরান প্রস্তুত।
হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন আরাঘচি।
অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানির সঙ্গে আলাপকালে নিহত দুই ইতালীয়র মৃত্যুতে শোক প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ইতালি সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
ইতালির বার্তা সংস্থা আনসা-এর সূত্রে জানা যায়, ফোনালাপে তাজানি জানান, আরাঘচি তাকে জানিয়েছেন, ড্রোনটি ইরানের সশস্ত্র বাহিনী উৎক্ষেপণ করেনি এবং এটি ইরান থেকেও আসেনি।
এর আগে কুয়েতের সামরিক বাহিনীর মুখপাত্র সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি ‘শত্রুতামূলক ড্রোন’ শনাক্ত করার পর সেগুলো প্রতিহত করেছে কুয়েতি বাহিনী। তিনি ইরানকে এ ঘটনার জন্য দায়ী করেন।
আল-আতওয়ান জানান, ড্রোন হামলার শিকার স্থাপনা থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয় নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কুয়েতি ও পাকিস্তানের একজন নাগরিক আহত হয়েছেন এবং স্থাপনাটির বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুলফজল শেখারচিও কুয়েতের অভিযোগ প্রত্যাখ্যান করেন। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে জানা যায়, তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।
কুয়েতের পক্ষ থেকে হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও, তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে ইরান।
সূত্র: চায়না ডেইলি, আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন