প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করার অভিযোগে একটি বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ‘গ্যাস ঘর’, যা ঝিনাইদহ জেলায় বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারের অধীনে একটি বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। এর মালিক কামাল আহমেদ বাবু, যিনি ‘গ্যাস বাবু’ নামেও পরিচিত। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।
প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। কিন্তু ‘গ্যাস ঘর’ স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করে আসছিল। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটকে রেখে উপজেলা প্রশাসনকে অবগত করেন।
সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন