প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্পের সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এই দুই প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসা জানায়, শনিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সঙ্গে তার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে চলমান এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ওয়াসা ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ এবং কালুরঘাটের মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সম্পন্ন করে পানি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা তুলে ধরে। কোরীয় সরকারের সহযোগিতা চাওয়ার পর চোই জংওন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম জানান, কোরীয় সরকারের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এখন ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। কোরীয় পক্ষের মনোভাব ইতিবাচক। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ বৃদ্ধি পাবে এবং ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।
বৈঠকে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন