প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই ভর্তুকি জনগণের করের টাকা থেকেই এসেছে। সোলার ব্যবহারের বৃদ্ধি হলে বৈদেশিক মুদ্রা এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে, এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মিডিল ইস্ট হলো বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যাটারি ও প্যানেল স্থাপন করে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমবে।
‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইকবাল হাসান মাহমুদ মন্তব্য করেন, মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তবে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।
এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন