ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!


সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে স্থায়ী ঠিকানা না থাকার কারণে নিয়োগপত্র না পাওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পাচ্ছেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের পর তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন জানিয়েছেন। বর্তমানে মিশন আচার্য নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তুলেছিলেন ঝিনাইদহ সদর উপজেলার প্রার্থী মিশন আচার্য। তিনি গণমাধ্যমে অভিযোগ করেন, স্থায়ী বসতভিটা না থাকার কারণে তাকে নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আরটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের নজরে আসে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

মো. রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই দিনের সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রীকে দেওয়া রাশেদ খাঁনের একটি চিঠিতে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরিপ্রার্থী মিশন আচার্য নিয়োগপত্র পাননি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায় জন্মগ্রহণ করে সেখানেই বসবাস করছেন। বর্তমানে তিনি ওই এলাকায় ভাড়া বাসায় রয়েছেন।

রাশেদ খাঁন চিঠিতে উল্লেখ করেন, মিশন আচার্য ছোটবেলা থেকেই পিতৃহীন এবং তার মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

মিশন আচার্য পূর্বে জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তিনি নির্বাচিত হয়েছেন এবং উপজেলা পর্যায়ে ১৭তম স্থান অর্জন করেন। মোট ১৮২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ১৮০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুজনের একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং অন্যজন তিনি নিজেই।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

মিশনের দাবি, প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের দপ্তরে খোঁজ নিয়ে তাকে জানানো হয়—তার নামে কোনো স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি—এ কারণে তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি।

জানা গেছে, মিশনের কোনো স্থায়ী বসতভিটা নেই। তার বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ায় বাবার ঠিকানা থেকেও তিনি বঞ্চিত হন। এরপর থেকে তিনি মায়ের সঙ্গে ঝিনাইদহের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। ওই এলাকায় তার জন্ম এবং জন্মের পর থেকে সেখানেই বসবাস করছেন বলে দাবি করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ মন্ত্রণালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


অর্থ মন্ত্রণালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বারোপ

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক)-এর বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত উপস্থাপন করে।

উপস্থাপিত বিষয়ের আলোচনায় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন এবং মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের উপর গুরুত্বারোপ করেন। পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. সফিকুর রহমান (কিরণ), মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে দেশে আরও ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ডেঙ্গুতে দেশে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬, খুলনা বিভাগে ৩৩০, ময়মনসিংহ বিভাগে ৯৯, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮৩ এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, ১২০ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়ায় কর্মচারীদের মানববন্ধন, খনি অচলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়ায় কর্মচারীদের মানববন্ধন, খনি অচলের হুঁশিয়ারি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারী স্থায়ী নিয়োগের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি খনি অচল করে দেবেন।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টায় খনির প্রধান ফটকের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে কর্মচারী নেতা তোফায়েল আহম্মেদ, সাইদার রহমান, আবু বক্কর সিদ্দীক, আবুল খায়ের, সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা, এরশাদ বুলবুল ও মোশাররফ হোসেন বক্তব্য দেন। কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, দীপঙ্কর শাহা, শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম ও রবিউল ইসলাম বাবুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

কর্মচারীরা জানান, বড়পুকুরিয়া কয়লাখনিতে বর্তমানে নিয়োগ কার্যক্রম চলছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে নিয়োগ দিতে খনি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সারা দেশ থেকে ৬০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় ৫৩ জন উত্তীর্ণ হন, তবে তাদের মধ্যে খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীর মাত্র আটজন রয়েছেন।

সমাবেশে কর্মচারী নেতা তোফায়েল আহম্মেদ বলেন, আদালত খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, তাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতার কথাও বলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা নেওয়ায় অধিকাংশ আউটসোর্সিং কর্মচারী উত্তীর্ণ হতে পারেননি।

তিনি আরো বলেন, খনির জন্য এলাকার মানুষ জমি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ এলাকার কর্মচারীদের স্থায়ী নিয়োগ না দিয়ে বহিরাগতদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৮৭ কর্মচারীকে নিয়োগ না দিলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে এবং প্রয়োজনে খনি অচল করে দেওয়া হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, খনির কর্মচারীদের যৌক্তিক দাবি কর্তৃপক্ষকে মেনে নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে উপজেলা বিএনপি শ্রমিকদের পাশে থাকবে।

বিএনপি নেতা দীপঙ্কর শাহা বলেন, ‘খনিতে এখনো ফ্যাসিস্টরা বসে আছে। কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে কয়লাখনিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানাউল্লাহ কালের কণ্ঠকে জানান, আদালত খনিতে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে বলেছেন। তবে বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিল করে তাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বর্তমানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তারা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরো বলেন, আদালত ৮৭ জনকে নিয়োগ দিতে বললেও বর্তমানে খনিতে পদ রয়েছে মাত্র ২২টি। সে অনুযায়ীই নিয়োগ কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবির দুই অধ্যাপক ড. নাসিফ আহসান ও ড. মোরসালিন বিল্লাহ পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


খুবির দুই অধ্যাপক ড. নাসিফ আহসান ও ড. মোরসালিন বিল্লাহ পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই অধ্যাপক ‘গুণী শিক্ষক’ সম্মাননা লাভ করছেন। এই দুই অধ্যাপক হলেন অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোরসালিন বিল্লাহ।

আগামীকাল (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এক অনুষ্ঠানে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষক এবার এই সম্মাননা পাচ্ছেন। এই শিক্ষকদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষকদেরও নির্বাচিত করা হয়েছে।

অধ্যাপক ড. মো. নাসিফ আহসান প্রায় দুই দশক ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে অনার্স শেষ করার পর ২০০৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন অধ্যাপক নাসিফ আহসান। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর উপকূলের মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখার পর তার গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

তিনি নেদারল্যান্ডসের ওয়াখেনিনগেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের জাতীয় নীতি গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পন্ন করেন। গবেষণার কাজে টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

অধ্যাপক নাসিফ আহসানের গবেষণার অন্যতম ক্ষেত্র দুর্যোগপ্রবণ উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা। কম খরচে আগাম সতর্কীকরণ প্রযুক্তি তৈরি করে উপকূলের মানুষের কাছে স্থানীয় ভাষা বা উপভাষায় দুর্যোগের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি কাজ করছেন।

অন্যদিকে, অধ্যাপক ড. মোরসালিন বিল্লাহ জীবপ্রযুক্তি, জীবরসায়ন ও অণুজীববিজ্ঞানভিত্তিক গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে জীবরসায়ন ও অণুজীববিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন।

অধ্যাপক মোরসালিন বিল্লার শিক্ষাজীবন ও গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি লিডস বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেলো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং গবেষক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ফেলো হিসেবে কাজ করেছেন।

এছাড়া, যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং একাডেমিক ও কমনওয়েলথ রাদারফোর্ড ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার গবেষণার মধ্যে রয়েছে ধানশিল্পের তরল বর্জ্যকে পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিকে রূপান্তর, খাদ্য সংরক্ষণের জন্য জীবাণুরোধী প্যাকেজিং তৈরি এবং বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সার্স-কোভ-২-এর ঝুঁকি ও রোগের মৃত্যুহার নিয়ে গবেষণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%