প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেঞ্চুরিয়ন টেস্টে মাঠে নামবে মুশফিকুর রহিম এবং সবচেয়ে ধারাবাহিক পেসার হাসান মাহমুদকে ছাড়া। কোচ ফিল সিমন্স এই কঠিন পরিস্থিতি সম্পর্কে সচেতন। তবে তিনি বিশ্বাস করেন, "কেউ না কেউ দায়িত্বটা নেবে।"
তিনি উল্লেখ করেন, "১০৮টি টেস্ট ম্যাচ খেলা কারো জায়গা (মুশফিকের) কভার করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আমরা দেখলাম, সিনিয়র ক্রিকেটার মুমিনুল ছিল না, সেখানে হৃদয় দায়িত্ব নিয়েছে। আমরা সেই চেষ্টাই করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে তাকে দায়িত্ব নিতে হবে। হাসানও চলে গেছে। তবে আমাদের ৪ জন পেসার আছে। কাউকে না কাউকে হাসানের ওয়ার্কলোড নিতে হবে।"
সেঞ্চুরিয়নে টিম কম্বিনেশন কেমন হবে, সেটি নিয়ে কোচ বলেন, "আমরা এখনো একাদশ বা কম্বিনেশন চূড়ান্ত করিনি। উইকেট দেখে এরপর একাদশ কেমন হবে তা ঠিক করব।"
বাংলাদেশের টেস্টে সবচেয়ে ধারাবাহিক এবং অভিজ্ঞ ব্যাটারদের একজন মুমিনুল হক। যদিও তিনি সম্প্রতি নিজের সেরা ছন্দে নেই। তবে কোচ মুমিনুলের পরিশ্রমের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, "সে সিনিয়র প্লেয়ার। ১৩টি সেঞ্চুরি আছে। এ থেকেই বোঝা যায় ও কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইদানীং রান করছে না। তবে সে কঠোর পরিশ্রম করছে। ফর্মে ফিরতে মুমিনুল মরিয়া। মাঝে মাঝে খেলোয়াড়দের ব্যাক করতে হয় লম্বা সময় ধরে।"
উইকেট এবং একাদশ প্রসঙ্গে কোচের মন্তব্য, "গতকাল একটু দেখেছিলাম (উইকেট)। আজ ভালো করে দেখব। আমরা একাদশ নিয়েও বসে আলোচনা করব। এখনো সিদ্ধান্ত নেইনি। ভারসাম্য রেখে একাদশ সাজানো হবে।"
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশের অবস্থান এমন যে, ফাইনাল খেলার সম্ভাবনা কম। বাকি ৩টি ম্যাচে লক্ষ্য কী, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, "এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের আরো তিনটি ম্যাচ আছে। এর মধ্যে দুটিই হোমে। আমাদের লক্ষ্য হোম ম্যাচ দুটিই জেতা। এই টেস্ট অনেক কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, আমরা অ্যাওয়েতে ভালো খেলতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করছি। আর তা কীভাবে করা যায়, সে আলোচনা প্রতিদিন করি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন