প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের পটিয়ায় এবার অভিযোগ জানাতে সংসদ সদস্যের কাছে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সামনে অভিযোগ বাক্স স্থাপন করা হচ্ছে। সাধারণ মানুষ তথ্য-প্রমাণসহ অভিযোগ জানাতে পারবেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম রোববার দুপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্স বিতরণ করেন।
এনামুল হক এনাম বলেন, "সাধারণ মানুষ সেবা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হন। সহজে ও নির্ভয়ে এসব অভিযোগ আমাকে জানাতে পারেন, সে জন্য অভিযোগ বাক্স বসানো হচ্ছে।" এর মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহির আওতায় আনা যাবে।
এমপি এনাম আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন, যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।" অভিযোগ বাক্সগুলো সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানো হচ্ছে। জমা পড়া অভিযোগগুলো এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওবাদুল হক রিকু প্রমুখ।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের বলেন, "স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।"
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন