প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক মো. মেহেদী হাসান বুধবার (২৫ নভেম্বর) এই অনুমোদন প্রদান করেন। একই দিন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ট্রেন পরিচালনার প্রস্তাব পাঠানো হয়েছিল।
অনুমোদন অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অপরদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
ট্রেনটি উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা বাতিল করা হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করায় টিকিট ফেরত দিতে হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি, বিভ্রান্তি এবং রেলওয়ের পরিচালনাগত জটিলতা বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটে যাত্রীসেবা অব্যাহত রাখার জন্য, রাজস্ব ক্ষতি কমানোর উদ্দেশ্যে এবং রেলওয়ের কোচ ব্যবহারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সাময়িকভাবে বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ট্রেনটি সাময়িকভাবে পরিচালিত হবে। এ কারণে ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রি করা হবে বলে রেলওয়ের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে অর্থাৎ পদ্মা সেতু হয়ে রাজবাড়ী দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা পর্যন্ত চলাচল করবে এবং রাজবাড়ীতে স্টপেজ দেবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন