রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৯ পি.এম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানদের হাতে আসে, তাহলে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের প্রত্যেককে ৫ হাজার ডলার করে ‘ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহজ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে রিপাবলিকানরা যদি জয়ী হয়, তাহলে ৫ হাজার ডলার করে দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সহজ হবে।
ট্রাম্পের ভাষায়, “আমি জানি না। তবে রিপাবলিকানরা জয়ী হলে এটা সহজ। দেশের সব প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেওয়া হবে। আমরা সহজেই তা সামলাতে পারব, কারণ আমরা বেশি অর্থ আয় করছি।”
ডেমোক্র্যাটরা এমন প্রতিশ্রুতি দিতে পারবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, “ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ‘সবকিছু ভেঙে পড়বে’ এবং দেশ অর্থনৈতিক মন্দায় চলে যাবে।”
ট্রাম্প আরও বলেন, “আমি এই প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে মঙ্গলবার সিলেটে আসছেন। রাষ্ট্রপতির এই সফরের প্রেক্ষিতে সিলেট নগরজুড়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাষ্ট্রপতির যাতায়াতের পথ এবং কর্মসূচির স্থানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হচ্ছে এবং হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ঐতিহাসিক এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এদিকে সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) একটি সমন্বয় সভা করেছে। এসএমপি কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পিজিএর, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরে সর্বোচ্চ সতর্কতামূলক ডিউটি মোতায়েনসহ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি সিলেট ত্যাগ করবেন ঢাকার উদ্দেশ্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন, যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে।”
আরো পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ
রবিবার (১৩ সেপ্টেম্বর ২৬) বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয় থেকে পায়ে হেটে কৃষি মন্ত্রণালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের সময় কৃষি খাতের সার্বিক অবস্থা, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্যে জানানো হয়, ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে দেশে সরিষার উৎপাদন ছিল ৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে এটি বেড়ে ১৫ দশমিক ৩৪ লাখ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫ দশমিক ৪১ লাখ টনে পৌঁছেছে।
পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও বৈঠকে আলোচনা করা হয়। কৃষকের পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে এয়ার-ফ্লো প্রযুক্তির ব্যবহার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া লবণাক্ততা, খরা ও জলাবদ্ধতাসহিষ্ণু নতুন ফসলের জাত মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে।
কৃষি গবেষণার অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয় জানায়, বিভিন্ন ফসলের মোট ১ হাজার ৯০টি জাত উদ্ভাবিত হয়েছে। এর মধ্যে ধানের জাত ১৫৫টি। এক হাজারের বেশি কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের তথ্যও বৈঠকে উপস্থাপন করা হয়। কৃষি উৎপাদনে শ্রম ও ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষিযান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে বৈঠকে। দেশীয় কৃষিযন্ত্র উদ্ভাবন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র কৃষকের কাছে সুলভমূল্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ রয়েছে।
একই সঙ্গে কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও বৈঠকে তুলে ধরা হয়। দেশে মোট ২ হাজার ৬১৭টি সৌর সেচব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সেচ বাড়ানো গেলে কৃষকের সেচব্যয় ও প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব বলে আলোচনা হয়।
কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে কৃষক কার্ড কর্মসূচিও বৈঠকে গুরুত্ব পায়। কৃষি মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ডের আওতায় আনার লক্ষ্য নিয়েছে। প্রথম ধাপে প্রায় ১ লাখ ১০ হাজার কৃষককে কার্ড দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
বৈঠকে কৃষিযান্ত্রিকীকরণ, সৌর সেচ, খাল খনন, বৃক্ষরোপণ এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দিকে নজর দিতে বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব—এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরো জোর দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন।
ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, মফস্বলের সাংবাদিকদের সহযোগিতা না পাওয়ার ধারণা সঠিক নয়। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিত হয়েছে। যদিও চলতি বছরে পুরো বর্ধিত অর্থ বিতরণ করা সম্ভব নাও হতে পারে, তবে আগামী বছর সম্পূর্ণ অর্থ বিতরণের আশা প্রকাশ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। তিনি প্রত্যাশা করেন, বিশ্বের সব দেশে স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে।
জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুবের সভাপতিত্বে এ সময় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।" প্রতিমন্ত্রী আরও বলেন, "সবাই একতাবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।" এই উদ্দেশ্যে দলীয়ভাবে নিজেদের ভিত শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পাবনা জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, "পাবনার যত সমস্যা রয়েছে, জেলার নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সেসব সমস্যার সমাধান করা সম্ভব।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার প্রমুখ।
উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ