ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাসনাত আব্দুল্লাহ: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে


হাসনাত আব্দুল্লাহ: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, "আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ।" এই কর্মকাণ্ডগুলোর পেছনে ভারত ইন্ধন দিচ্ছে।

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করেছে এনসিপি। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি এই বক্তব্য রাখেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, "পাঁচই আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে।" তিনি উল্লেখ করেন, এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন: আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না: সাইফুল হক

এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারত বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের চার্জশিটে সাবেক এমপি মোস্তাফিজ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


দুদকের চার্জশিটে সাবেক এমপি মোস্তাফিজ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করেছে।

দুদকের প্রধান কার্যালয়ে আজ অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানান, তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর মধ্যে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার ঘটনা ঘটেছে। এছাড়া, ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের প্রমাণও দুদক পেয়েছে, যা ওই অর্থের স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের সঙ্গে সম্পর্কিত।

এর আগে, ২০২৫ সালের ৬ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, শাহীন আক্তার চৌধুরী তার স্বামীর সহায়তায় ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদেরের দাখিল করা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী দুর্বৃত্তায়ন উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল ইসলাম এমপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


আওয়ামী দুর্বৃত্তায়ন উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল ইসলাম এমপি

দেশের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠির দুর্বৃত্তায়ন উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, "সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থেকে এ দুর্বৃত্তায়ন মোকাবেলা করতে হবে।"

রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তবে, এই অধিকার কখনো দেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। যারা রাজনীতির আড়ালে সন্ত্রাস, নৈরাজ্য এবং জনদূর্ভোগ সৃষ্টি করে, তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। এরা সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী, যারা দেশের ও জনগণের বিরুদ্ধে কাজ করছে। এত গণহত্যা, গুম, খুন, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির পরও যারা অনুতপ্ত নয়, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।

ফখরুল ইসলাম এমপি মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদ সভাপতিত্ব করেন এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজ সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. হাছান উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বাহার, বিএনপি নেতা কাজী একরামুল হক, আনিসুল হক, মোমিন বাহার প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রত্নাগর্ভা মা জোৎস্নারা বেগমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কৃতি শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে নারী আমিজা বেগমকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে নারী আমিজা বেগমকে হত্যা

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে আমিজা বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, এ সময় দুর্বৃত্তরা আমিজার নাক, কান ও হাতে থাকা স্বর্ণের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আমিজা ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী ছিলেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং একা বাড়িতে বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বাড়ির পাশে একটি ছোট মুদির দোকানে ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে, সোমবার রাতে খাবার খেয়ে আমিজা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনি দোকানে না আসায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরপর তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে স্বজনেরা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে খাটের ওপর কাঁথা ও বালিশ দিয়ে মুখ ঢাকা অবস্থায় আমিজার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে প্রকৃতি ও সভ্যতার সন্ধানে ভ্রমণকারীদের আনন্দময় অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


নেপালে প্রকৃতি ও সভ্যতার সন্ধানে ভ্রমণকারীদের আনন্দময় অভিজ্ঞতা

কিছু পথ মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়, আবার কিছু পথ প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যায়। সেই পথ ধরে আমাদের বাস ধুলিখেল রিসোর্টের দিকে এগিয়ে চলল। প্রায় এক ঘণ্টা পর আমরা গন্তব্যে পৌঁছালাম। পাহাড়ের ঢালে গড়ে ওঠা রিসোর্টে পা রাখতেই শীতল পাহাড়ি বাতাসে পথের ক্লান্তি অনেকটাই কেটে গেল।

ওয়েলকাম ড্রিংক দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। কর্মীদের হাসিমুখের অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় অপরিচিত জায়গাটিও আপন মনে হলো।

গাইড জানালেন, আজ পুরো দিন রিসোর্টেই কাটাতে হবে; কাঠমান্ডুর পথে রওনা হব আগামীকাল। কথাটি শুনে হতাশ হলাম। মনে হলো, হতাশার তিক্ত স্বাদের ওপর কেউ যেন এক চিমটি লবণ ছিটিয়ে দিল। এত দূর এসে দিনের বাকি সময়টুকু রিসোর্টে কাটাতে হবে। নেপালের আরো কিছু অচেনা জায়গা দেখার সুযোগ বুঝি হাতছাড়া হলো!

লাগেজ ও কাঁধের ব্যাগ নিয়ে তিনতলা রিসোর্টটির দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টটির চারপাশ ঘন সবুজে ঢাকা। কিছুক্ষণের মধ্যেই গোসল সেরে নতুন পোশাকে বারান্দায় ফিরলাম। পাহাড়ি বাতাস আর সবুজের স্নিগ্ধতায় পথের সব ক্লান্তি কেটে গেল।

ততক্ষণে ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। সিঁড়ি বেয়ে রিসোর্টের ডাইনিংয়ে গিয়ে দেখি, ভ্রমণসঙ্গীদের অনেকেই দুপুরের খাবার শুরু করে দিয়েছেন।

নেপালের পরিচিত খাবার ডাল-ভাত-তরকারির পাশাপাশি বুফেতে সাজানো হয়েছে মোমো, কর্নফ্লেক্স, ওটস, মৌসুমি ফল, ফলের সালাদ, ইয়োগার্ট, নানা পদের সবজি, চামড়াসহ রান্না করা খাসির মাংসসহ আরও অনেক পদ। কয়েকটির নামও আমার অজানা।

ভ্রমণে নতুন জায়গা দেখার পাশাপাশি সেখানকার খাবারের স্বাদ নেওয়াও এক আনন্দের অভিজ্ঞতা। তাই ঠিক করলাম, প্রতিটি পদই অল্প করে চেখে দেখব। কোনোটির স্বাদ পরিচিত মনে হবে, কোনোটির স্বাদ হবে একেবারেই নতুন। সব মিলিয়ে দুপুরের খাবারটিও হয়ে উঠলো এক স্বতন্ত্র অভিজ্ঞতা।

নীল আকাশের নিচে নীল জলের মিতালি

দুপুরের খাবার শেষে রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রুমমেট ফারুক সাহেব বললেন, "স্যার, ভ্রমণে এসে রুমে বসে সময় নষ্ট করার কী মানে? চলেন, আশপাশটা একটু ঘুরে দেখি।"

তাঁর কথায় বেরিয়ে পড়লাম রিসোর্টের পাঁচতলার সুইমিং পুলের দিকে। পাহাড়ের উঁচু ঢালে তৈরি পুলের পাশে দাঁড়াতেই চোখে পড়ল দিগন্তজোড়া সবুজ পাহাড়শ্রেণি। কাছের পাহাড়গুলো স্পষ্ট, দূরেরগুলো ক্রমশ আবছা হয়ে মিশে গেছে দিগন্তে।

এরই মধ্যে ভ্রমণসঙ্গীরাও একে একে এসে জড়ো হলেন। পুলে অন্য কোনো পর্যটক না থাকায় জায়গাটি আমাদের দলের আনন্দ-আড্ডায় মুখর হয়ে উঠল। হাসি-ঠাট্টা, গল্প আর পানিতে ঝাঁপ দেওয়ার শব্দে পাহাড়ের নীরবতা ভেঙে পড়ল। কেউ সাঁতার কাটছেন, কেউ গল্পে মেতেছেন, কেউ আবার সহকর্মীকে টেনে নামাচ্ছেন শীতল জলে। সবাই যেন ফিরে গেলেন ছেলেবেলার উচ্ছল দিনগুলোতে।

ইচ্ছে থাকা সত্ত্বেও ঠান্ডাজনিত সমস্যার কারণে পুলে নামলাম না। দূরে দাঁড়িয়ে উপভোগ করলাম সহকর্মীদের আনন্দ আর চারপাশের দৃশ্য। মাথার ওপর সাদা মেঘের ভেলা, ফাঁকে ফাঁকে নীল আকাশ, পুলের জলে সূর্যের ঝিলিক। একদিকে সহকর্মীদের প্রাণখোলা উচ্ছ্বাস, অন্যদিকে পাহাড়ের শান্ত পরিবেশ। দুইয়ের মেলবন্ধনে দুপুরটি হয়ে উঠল স্মরণীয়।

পুলে নামতে না পারার আক্ষেপ ধীরে ধীরে মুছে গেল। উপলব্ধি করলাম, সব আনন্দ নিজে উপভোগ করতে হয় না; কখনো কখনো প্রিয় মানুষের আনন্দের অংশীদার হওয়াও ভ্রমণের বড় প্রাপ্তি।

বাংলাদেশ থেকে নেপালে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি হয়। অন্যদিকে নেপাল থেকে বাংলাদেশে আসে মসুর ডাল, বড় এলাচ ও আদাসহ বিভিন্ন কৃষিপণ্য। স্থলবেষ্টিত দেশ হওয়ায় নেপালের নিজস্ব কোনো সমুদ্রবন্দর নেই। ফলে আমদানি-রপ্তানির জন্য দেশটি ভারতের কলকাতা, ও হলদিয়া সমুদ্রবন্দরের ওপর নির্ভরশীল।

সহকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস থেকে সরে একান্তে কিছু সময় কাটাতে রিসোর্টের সামনের পাহাড়ি ঢালের খোলা চত্বরে গিয়ে বসলাম। ছাউনির নিচে একটি চেয়ারে বসে চারদিকে তাকাতেই চোখে পড়ল নাম না-জানা নানা রঙের ফুল। পাহাড়ের ঢালজুড়ে ঘন সবুজের বিস্তার; গাছপালার ফাঁক দিয়ে কোথাও মাটি উঁকি দিচ্ছে, কোথাও পাতার ওপর রোদের আলো ঝিলমিল করছে।

মৃদুমন্দ বাতাস চুল ছুঁয়ে যাচ্ছিল। নিচের দিকে লতাগুল্মের জটলায় চোখ পড়তেই দেখলাম, সবুজ পাতার ফাঁকে ছোট ছোট পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। বাতাসের ঝাপটায় তারা কখনো দূরে সরে যাচ্ছে, আবার ফিরে এসে বসছে পাতার কিনারায়। বাতাসের দোলায় চিকন ডাল ও পাতাগুলোও নুয়ে পড়ছে, আবার সোজা হয়ে উঠছে। কীটপতঙ্গের ক্ষুদ্র এই জগতে কত আয়োজন, অথচ তার সবই চলছে নিঃশব্দে, নিজস্ব ছন্দে।

কিছুক্ষণ নির্বাক হয়ে সেই দৃশ্য দেখলাম। পাতা ও ডালের দোলা, পোকামাকড়ের ছোটাছুটি আর মৃদু বাতাসের স্পর্শে সময় যেন ধীর হয়ে এল। চারপাশে কোনো কোলাহল নেই, নেই কোথাও ছুটে চলার তাড়া। প্রকৃতির এই দৃশ্যপট দেখতে গিয়ে কখন যে সময় কেটে গেল, টেরই পেলাম না।

দুপুর গড়িয়ে বিকেল নামছিল। সূর্যের তেজ কমে আসার সঙ্গে সঙ্গে পাহাড়ের গায়ে আলো-ছায়ার রূপও বদলে যাচ্ছিল। বিকেলের সেই মায়াময় মুহূর্ত পেছনে ফেলে অবশেষে রুমে ফিরে ব্যালকনিতে বসার পরিকল্পনা করলাম।

প্রকৃতির সান্নিধ্যে একান্ত কিছু অবসর

কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম রিসেপশনের দিকে। সেখানে কোট-টাই পরা এক তরুণ বসে আছে। চেহারায় কিছুটা চীনা বৈশিষ্ট্যের ছাপ। আমাকে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়াল। কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলাম, "Are you the manager of this hotel?"

সে জানাল, "No, I work here part-time while pursuing my engineering studies."

আবার প্রশ্ন করলাম, "Do you intend to work in the tourism sector after completing your engineering degree?"

প্রশ্ন শুনে কিছুটা বিরক্তির সুরে সে বলল, "It's difficult to get a good job in this country without personal connections. There is also a lot of bureaucratic red tape. For now, I'm working to support my education. After completing my studies, I intend to move to a European country."

তরুণটির কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব রইলাম। পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ এই দেশটির তরুণদের মনেও যে ভবিষ্যৎ নিয়ে এত অনিশ্চয়তা, তা ভাবিনি। প্রকৃতির প্রাচুর্য থাকলেই যে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আসে না, তার কথায় যেন সেই বাস্তবতাই স্পষ্ট হয়ে উঠল। রুমে ফিরে গেলাম।

বিকেলে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে বসলাম। মাথার ওপর নীল আকাশে সাদা মেঘের ভেলা ধীরে ধীরে ভেসে চলেছে। পূর্ব দিগন্তে পাহাড়চূড়ায় মেঘের আনাগোনা আর আকাশের নীলিমা মিলেমিশে তৈরি করেছে নৈসর্গিক দৃশ্য।

পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সূর্য। অস্তগামী সূর্যের আলোয় পাহাড়চূড়ার সবুজ বৃক্ষরাজি সোনালি আভায় ঝলমল করছে। পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়া সেই আলোয় প্রকৃতির রুপ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে।

রুমে রাখা কেটলিতে ফারুক সাহেব দুই কাপ কফি বানিয়ে আমার পাশে এসে বসলেন। কফিতে চুমুক দিতে দিতে বললেন, "জীবনের অবসান যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। পৃথিবীতে এর চেয়েও সুন্দর অনেক জায়গা আছে। সুযোগ পেলেই আমাদের ভ্রমণে বের হওয়া উচিত।"

আমি নীরবে মাথা নেড়ে তাঁর কথায় সায় দিলাম। ভাবলাম, জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; মানুষ, সমাজ ও বাস্তব জীবনও আমাদের প্রতিনিয়ত শেখায়। ভ্রমণ সেই শেখার পরিসরকে আরও বিস্তৃত করে। নতুন জায়গা, নতুন মানুষ ও ভিন্ন জীবনযাত্রার সঙ্গে পরিচয় আমাদের চেনা পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায়।

মেঘ ও সবুজের সান্নিধ্যে

এদিকে সূর্যের শেষ আলো পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। সোনালি আভা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দূরের পাহাড়গুলোও অন্ধকারে অস্পষ্ট হয়ে এল। কিছুক্ষণ পর একে একে জ্বলে উঠল রিসোর্টের আলো। বিকেলের যে পাহাড় এতক্ষণ রঙের বৈচিত্র্যে চোখ জুড়িয়েছিল, রাতের অন্ধকারে তার অবয়বও আর স্পষ্ট রইল না।

রাত তখন প্রায় আটটা। রিসোর্টের ওপর থেকে ভেসে আসছিল গানের সুর। মনে হলো, চূড়ায় কোথাও পার্টি হচ্ছে। কৌতূহল নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম সর্বোচ্চ তলায়।

খোলা প্রাঙ্গণে পা রাখতেই চোখে পড়ল প্রাণবন্ত এক নাচের আসর। কনসার্টের গানের তালে প্রায় ২০–২৫ জন তরুণ-তরুণী হাত ধরাধরি করে নেচে চলেছে। কারও মুখে হাসি, কারও চোখে উচ্ছ্বাস। গাইড সুনিতাকে জিজ্ঞেস করলাম, "এখানে কিসের পার্টি হচ্ছে?"

তিনি জানালেন, এদেশে শনিবার-রবিবার সাপ্তাহিক ছুটি। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছুটির দিনগুলো আনন্দ করে কাটাতে এখানে এসেছে।

কিছুক্ষণ পরপর কেউ কেউ পাশের বার থেকে হাতে বিয়ার নিয়ে ফিরছে। গান, নাচ আর আড্ডায় জমে উঠেছে তাদের রাত। রিসোর্টের আলোয় পাহাড়ের নির্জন রাতও যেন প্রাণ ফিরে পেয়েছে।

সাউন্ড সিস্টেমে কখনো হিন্দি, কখনো নেপালি গান বাজছে। তরুণদের উচ্ছ্বাস দেখতে দেখতে আমার ভেতরেও যেন তারুণ্যের ঢেউ জেগে উঠল। ইচ্ছে হলো, ওদের সঙ্গে মিশে নাচতে নাচতেই রাতটা কাটিয়ে দিই। কিন্তু ভ্রমণসঙ্গীদের উপস্থিতিতে সংকোচ কাটিয়ে আর দলে যোগ দেওয়া হলো না। তবু গানের তালে অজান্তেই দুলছিল মন।

একদিকে নিশ্চুপ পাহাড়, অন্যদিকে আলোয় ঝলমল প্রাঙ্গণে তরুণদের উচ্ছ্বাস—প্রকৃতি আর মানুষের দুই ভিন্ন ছন্দ পাশাপাশি বয়ে চলেছে। উপলব্ধি করলাম, ভ্রমণের আনন্দ শুধু নতুন জায়গা দেখায় নয়, অচেনা পরিবেশের সঙ্গে কিছুক্ষণের জন্য একাত্ম হয়ে ওঠার মধ্যেও।

গানের তালে সময় কখন গড়িয়ে যাচ্ছিল, টেরই পাচ্ছিলাম না। হাততালি, হাসি আর নাচের ছন্দে মুখরিত প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে মনে বললাম, আজ আর তাড়াহুড়ো নেই; দেখি, এই পাহাড়ি রাত আমাকে কতক্ষণ আটকে রাখতে পারে।

নাচের আসরে এক তরুণীর প্রাণবন্ত উপস্থিতি সহজেই চোখে পড়ার মতো। ঘন কালো চুল কাঁধ ছাপিয়ে পিঠে নেমে এসেছে; গানের তালে তার শরীর দুলে উঠতেই চুলের ঢেউও ছন্দের সঙ্গে দুলছিল। টানা চোখ, স্নিগ্ধ মুখাবয়ব আর হাসিতে ফুটে ওঠা প্রাণচাঞ্চল্য তাকে করে তুলেছে আরও আকর্ষণীয়। নাচের প্রতিটি ভঙ্গিতে স্বতঃস্ফূর্ততা, প্রতিটি পদক্ষেপে ছন্দের মাধুর্য। চারপাশের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও তার হাসিমাখা মুখটি বারবার চোখে পড়ছিল।

ভাবলাম- আহা, বয়সটা যদি আরও বিশ বছর কম হতো! হয়তো তোমাদের প্রেমে পড়ে নেপালেই থেকে যেতাম, দেশে ফেরার তাগিদটুকুও অনুভব করতাম না!

হঠাৎ এক ভ্রমণসঙ্গী এসে বললেন, স্যার, সবাই রাতের খাবারের জন্য অপেক্ষা করছেন। তাঁর কথায় নাচ-গানের আসর পেছনে ফেলে ডাইনিংয়ে গেলাম। সেখানে দেখি, ভ্রমণসঙ্গীদের অনেকেই ইতোমধ্যে খাবার নিয়ে বসে পড়েছেন।

ধুলিখেল ছাড়ার শেষ প্রহরে আমরা কয়েকজন

পরদিন সকালে সূর্যের প্রথম আলোয় দূরের পাহাড়শ্রেণি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। হালকা শীতের আমেজে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ের সকালের দৃশ্য উপভোগ করলাম। চারপাশ ঝকঝকে রোদে ভরে উঠলে রুমে ফিরে এলাম। সকালের নাস্তা সেরে ধুলিখেল লজ রিসোর্ট থেকে রওনা হলাম কাঠমান্ডুর পথে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%