প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (যুবলীগের কর্মী) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিমের মৃত্যু হয়। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী জমাদ্দার মোড় এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই সেখানে অবস্থান নেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা। একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষ চলাকালে প্রায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষের মধ্যে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পসহ একাধিক ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁয়ও আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদ সদস্য সাঈদ আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থানরত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে এলাকা ছেড়ে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নেয়।
সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৯টার পর পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনরায় শুরু হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন