ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বসতভিটার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন


নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বসতভিটার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিরুদ্ধে বসতভিটার জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। নিজেদের জমি ও বসতবাড়ি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দীর্ঘদিনের বসতভিটা দখল করে রাস্তা নির্মাণ করায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার ও হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নের হালিজুড়া গ্রামের বাসিন্দা মো. সন মিয়া। তার অভিযোগ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিরুদ্ধে তাদের বসতভিটার জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ রয়েছে। শুধু জমিই নয়, তাদের বসতবাড়িও দখল করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি ও বসতবাড়ি নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। নিজেদের অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী

এদিকে ভুক্তভোগী মো. সন মিয়ার দেওয়া লিখিত আবেদনপত্রে দেখা যায়, জমি সংক্রান্ত বিরোধে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে আদালতের রায় ও ডিক্রির পর কার্যক্রম বাস্তবায়নের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনপত্রে আরও উল্লেখ রয়েছে, আদালতের আদেশে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের কাছে।

এমন পরিস্থিতিতে নিজেদের জমি ও বসতভিটা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধন থেকে তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, আদালতের আদেশ বাস্তবায়ন এবং দখল হওয়া জমি ও বসতবাড়ি ফিরে পাওয়ার দাবি জানান।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

ভুক্তভোগীদের দাবি, তারা কোনো বিশেষ সুবিধা চান না, চান নিজেদের পৈতৃক সম্পত্তি ও বসতভিটায় শান্তিতে বসবাসের অধিকার। এখন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার করেছে।

গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক রাত ২০:৪০ ঘটিকায় ১৬/সি কোম্পানি রহনপুর বিওপির জেসিও-১০৬৫৪ নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিজস্ব এসআইপি (SIP) সদস্য ও সিভিল সোর্সের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২০৯ থেকে আনুমানিক ১১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং রহনপুর কোম্পানি সদর থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ দিকে রহনপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এ অভিযান চালানো হয় (জিআর নম্বর- ৩০৫৪৫৮, ম্যাপসিট নম্বর- ৭৮ডি/৫)।

অভিযানে কোনো আসামি আটক না হলেও তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার প্রতি পিসের আনুমানিক মূল্য ৩০০ টাকা ধরে মোট সিজার মূল্য ৯,৬০০ (নয় হাজার ছয় শত) টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিওপি সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসপি বাধ্যতামূলক অবসরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে কাজী মিজানুর রহমানের পরিচয় ঘটে। এরপর ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এই ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, যা বিভাগীয় নথির সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তার এই ধরনের কর্মকাণ্ড বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিভাগীয় তদন্তে উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর এই আদেশ জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাগুরার দুই শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাগুরার দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

স্থানীয় সূত্র ও পরিবারের তথ্য অনুযায়ী, বাপ্পি হোসাইন মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার পর তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

অন্যদিকে, অনন্যা শিকদার কুল্লিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও স্থানীয় এক পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপ্তি

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলার মিলনায়তনে এই জীবনমুখী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, স্তন ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। রোগটি সঠিক সময়ে শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।

সমাপনী ও বৈজ্ঞানিক এই অধিবেশনে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অধিবেশনে বক্তারা উল্লেখ করেন, স্তন ক্যানসার বিষয়ে নারীদের মনের সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তারা একই সাথে দেশজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং (শনাক্তকরণ) সুবিধা আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্তন ক্যানসার আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি স্তন ক্যান্সার প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%