প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানি ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সাবেক ভারতীয় পেসার জহির খান পেশাদার টি-টোয়েন্টি লিগ চালুর উদ্যোগ নিয়েছেন, যেখানে একই দলের একাদশে নারী ও পুরুষ ক্রিকেটাররা খেলবেন। তাঁর সহ-মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জার্মান ক্রিকেট ফেডারেশনের সহযোগিতায় ‘ইকুয়াল’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
লিগটির প্রথম আসর ২০২৭ সালের আগস্টে মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১২টি ম্যাচ হবে। প্রতিটি দলে ১৮ জন করে ক্রিকেটার থাকবেন। তবে সবচেয়ে বড় চমক হলো একাদশের গঠনে—প্রতিটি দলকে খেলাতে হবে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ ক্রিকেটার।
অর্থাৎ, এটি প্রচলিত ক্রিকেটের মতো নারী ও পুরুষদের আলাদা প্রতিযোগিতা নয়; বরং একই ম্যাচে একই দলের হয়ে খেলবেন দুই বিভাগের ক্রিকেটাররা। এক মাঠে, একই স্কোরবোর্ডে তাঁরা লড়াই করবেন।
লিগটি টি-টোয়েন্টির প্রচলিত নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে। তবে খেলোয়াড়দের নিরাপত্তা এবং বদলি খেলোয়াড় ব্যবহারের বিষয়সহ কিছু বিশেষ নিয়ম ও খেলার শর্তও নির্ধারণ করা হবে। আয়োজকেরা এসব নিয়মের বিস্তারিত এখনো প্রকাশ করেননি।
২০১১ বিশ্বকাপজয়ী সাবেক পেসার জহির খান মনে করেন, ইউরোপের মতো ক্রিকেটের উদীয়মান বাজারে খেলাটির প্রসারে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাঁর মতে, ‘ইকুয়াল’ নারী-পুরুষ নির্বিশেষে ক্রিকেটে অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
জার্মান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সেভেরিন ভাইসও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেশটিতে নারী ও পুরুষ—দুই বিভাগের ক্রিকেটারদের উল্লেখযোগ্য একটি সম্প্রদায় রয়েছে। তাঁদের একই কাঠামোর মধ্যে এনে আরও সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরির সুযোগ দেখছেন তিনি।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরতে যাচ্ছে। তার আগে ইউরোপে ক্রিকেটের বিস্তার এবং নতুন দর্শক তৈরির ক্ষেত্রেও ‘ইকুয়াল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আয়োজকদের আশা। তবে একই একাদশে নারী-পুরুষের এই নতুন সমন্বয় মাঠের লড়াইয়ে কতটা কার্যকর হয়, সেটিই হবে লিগটির সবচেয়ে বড় পরীক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন